4:16 pm , January 21, 2026
মো: জিয়াউদ্দিন বাবু ॥
বরিশাল জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতীক বরাদ্দ ও নির্বাচনী আচরণবিধি সংক্রান্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। এ সময় অন্যান্যদের জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, জেলার নির্বাচন কর্মকর্তা মো: রোকনুজ্জামান সহ অন্যান্য সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন আসনের দলীয় প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।
বরিশাল সদর আসনের প্রার্থীদের মধ্যে বিএনপির মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ধানের শীষ প্রতীক। ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাত-পাখা, জাতীয় পার্টির আক্তার রহমান লাঙ্গল, এনপিপির আব্দুল হান্নান শিকদার আম, বাসদের ডা: মনিষা চক্রবর্তী মই, সমাজতান্ত্রিক দল (মার্কস বাদী) সাইদুর রহমান কাঁচি প্রতীক পেয়েছেন। সভায় উপস্থিত বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা জেলা রিটার্নিং অফিসারের কাছে অবৈধ অস্ত্র উদ্ধার এবং নির্বাচনে প্রার্থীদের আত্মরক্ষায় বৈধ অস্ত্র রাখার বিষয় আলোচনা করেন। এ ব্যাপারে জেলা প্রশাসক বলেন-সব অস্ত্রই আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকবে। প্রয়োজনে প্রার্থীরা দেহরক্ষী নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। আলোচনা সাপেক্ষে তাদের আবেদন বিবেচনা করা হবে। তিনি বলেন, এলাকায় দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান চলছে এবং সন্ত্রাসী, অস্ত্রধারীরা আটক হচ্ছে। বিভিন্ন থানায় লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে কারো কোন তথ্য জানা থাকলে তা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করেন জেলা প্রশাসক।
সভায় নির্বাচনী আচরণবিধি ও ব্যানার, ফেস্টুন, মাইকিং সহ প্রচার প্রচারণা সম্পর্কে প্রার্থীদের পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক।
এদিকে আজ দুপুর ১২টায় বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার সদর রোডের কার্যালয় থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করবে। অপরদিকে হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম তিনি অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে ১২টায় নির্বাচনী প্রচারণা শুরু করবে।
