4:36 pm , January 20, 2026
বাকেরগঞ্জ প্রতিবেদক ॥
বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামে ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে অবৈধভাবে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। এতে জমির প্রকৃত মালিকসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।
ভুক্তভোগী আলকাছ হাওলাদার অভিযোগ করে বলেন, এলাকার প্রভাবশালী ইঞ্জিনিয়ার আবুল বাশার কোনো ধরনের সরকারি অনুমতি কিংবা মালিকদের সম্মতি ছাড়াই জোরপূর্বক জমির ওপর দিয়ে সড়ক নির্মাণের কাজ শুরু করেছেন। ভেকু দিয়ে মাটি কাটার ফলে জমির স্বাভাবিক অবস্থান নষ্ট হয়ে গেছে এবং ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি আমাদের জমি দখল করে তাদের ব্যক্তি মালিকানাধীন সড়ক নির্মাণ করছে।
এর আগে গত ১৬ই জানুয়ারি রাতে আবুল বাশার আমাদের জমি দখল করে সড়ক নির্মাণের চেষ্টা চালালে ওই দিনই আমি বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। তবে পুলিশের পক্ষ থেকে কোন কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়নি। গতকাল আবার আমাদের জমি দখল করে সড়ক নির্মাণ কাজ শুরু করে।
ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার সকাল ৮ টা থেকে তাদের জমিতে প্রবেশ করে মাটি কাটার কাজ চালানো হয়। এ সময় মাটি কাটার নেতৃত্ব দেয় আবুল বাশারসহ ৫০ জনের একটি বাহিনী। বাধা দিতে গেলে সংশ্লিষ্টরা হুমকি-ধামকি দেন। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বাকেরগঞ্জ থানার ওসি কেএম সোহেল রানা বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়।
