4:34 pm , January 20, 2026
বাবুগঞ্জ প্রতিবেদক ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বরিশাল-৩ সংসদীয় আসনে জাতীয় পার্টির দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বরিশাল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির প্রার্থী ফখরুল আহসান এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. ইকবাল হোসেন তাপস নিজ নিজ পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মঙ্গলবার বিকেলে তারা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এ বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, দলীয় সিদ্ধান্তের আলোকে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। একই সঙ্গে তিনি জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। নির্বাচনে টিপুর পক্ষে মাঠে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
এই দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের মধ্য দিয়ে বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির একক মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে চূড়ান্ত হলেন আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন-বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ ভূঁইয়া,
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম,
গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী এইচএম ফারদিন ইয়ামিন এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী আজমুল হাসান জিহাদ।
