নতুন বাংলাদেশ গঠনে গণভোটে অংশগ্রহণ জরুরি -জেলা প্রশাসক নতুন বাংলাদেশ গঠনে গণভোটে অংশগ্রহণ জরুরি -জেলা প্রশাসক - ajkerparibartan.com
নতুন বাংলাদেশ গঠনে গণভোটে অংশগ্রহণ জরুরি -জেলা প্রশাসক

4:33 pm , January 20, 2026

বাবুগঞ্জ প্রতিবেদক ॥
নতুন বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের গণভোটে অংশগ্রহণের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশের ঐতিহাসিক সুযোগ পাচ্ছেন, যা একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন আচরণবিধি ও গণভোট বিষয়ক গণসচেতনতামূলক উঠান বৈঠক মঙ্গলবার দুপুর ১২টায় বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতের দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।
জেলা প্রশাসক বলেন, গত ১৫ বছরে অনেকেই ভোট দেওয়ার সুযোগ পাননি। তবে এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, যা একটি ইতিবাচক অগ্রগতি। তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ হবে উৎসবমুখর ও স্বতঃস্ফূর্ত।
তিনি আরও বলেন, পেছনের বাংলাদেশকে পেছনে ফেলে একটি নতুন বাংলাদেশ গড়তে গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য জনগণকে হ্যাঁ ভোটের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানাচ্ছি।
উঠান বৈঠকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নির্বাচন আচরণবিধির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ হেল মাফি, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মার্টিন স্কারবেজ ও আলেনকা চেরনি, কেদারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. শফিকুল ইসলাম, ইউপি সদস্য মুসা আলী।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক কেদারপুর ইউনিয়ন পরিষদের সজ্জিত কমপ্লেক্স পরিদর্শন করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT