4:47 pm , January 18, 2026
মো: জিয়াউদ্দিন বাবু ॥
নগরীতে দিন দিন বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সড়ক, অলিগলি, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে দলবেধে কুকুর ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। অনেকেই কুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছে। ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে বেশি দামে কিনতে হচ্ছে।
নগরবাসীর অভিযোগ, ভোর এবং রাতের বেলায় কুকুরের দল পথচারী ও যানবাহনের পেছনে ধাওয়া করে। অনেক ক্ষেত্রে মানুষ কুকুরের দ্বারা আক্রান্ত হচ্ছে। বাড়ছে জলাতঙ্কের ঝুঁকি। হাসপাতালে প্রতিদিনই কুকুরে কামড়ানো রোগী আসছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রতিদিন বরিশাল সদর হাসপাতালে ৫০ জনের বেশি কুকুরে কামড়ের রোগি আসছে।
নগরবাসীর অভিযোগ, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। আগে মাঝে মাঝে কুকুর নিধন বা টিকাদান কর্মসূচি দেখা গেলেও বর্তমানে তা প্রায় বন্ধ। ফলে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।
বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিতভাবে কুকুরের জন্মনিয়ন্ত্রণ, টিকাদান ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ না করলে এই সমস্যা সমাধান সম্ভব নয়। একই সঙ্গে নগরীতে ময়লা ব্যবস্থাপনা উন্নত করা জরুরি। কারণ উম্মুক্ত আবর্জনাই কুকুর বৃদ্ধির অন্যতম কারণ।
