4:37 pm , January 14, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর সভাকক্ষে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বরিশাল আঞ্চলিক ও জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে বুধবার বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল ।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির কার্যক্রম এগিয়ে নেয়ার ক্ষেত্রে সরকারের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থাও কাজ করছে । তৃণমূল পর্যায়ে মানুষের ভাগ্য পরিবর্তনে এসব কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। এসময় তিনি স্বাস্থ্য বিষয়ক যেকোন প্রকল্প এগিয়ে নিতে স্বাস্থ্য বিভাগের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন।
তিনি এসডিএফ’র কার্যক্রমের প্রশংসা করে বলেন, সামাজিক উন্নয়নে এসডিএফ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরমধ্যে স্বাস্থ্য খাত অন্যতম। স্বাস্থ্য বিভাগ ও নিউট্রিশান অঙ্গাঅঙ্গিকভাবে জড়িত। জনস্বাস্থ্য নিশ্চিত করতে এই দুই খাতের মধ্যে কাজের নিবিড় সমন্বয় খুবই জরুরি। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সঠিক পুষ্টিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে একটি সুস্থ ও সবল জাতি গঠন করা সহজ হবে।
উল্লেখ্য, এসডিএফ কর্তৃক রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিয়রশীপ আ্যান্ড লাইভলিহুড ইমপ্রভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় ২০টি জেলার পিছিয়ে পড়া ৬৮ টি উপজেলার ১২৮ টি ক্লাস্টারের আওতাধীন ৩২০০টি গ্রামে দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন, সহনশীলতা বৃদ্ধি এবং উদ্যোক্তাদের সহায়তাকরণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় বরিশাল অঞ্চলের বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর জেলার ১১ টি উপজেলায় ৫৫০ টি গ্রামে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে পিছিয়ে পড়া দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠির জন্য বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এপর্যন্ত বরিশাল অঞ্চলে ৩০৪৩ জনকে ২৯,২১২,৮০০ টাকা মাতৃত্বকালীন ভাতা এবং ২৮৫ জনকে ২,৮৫০,০০০ টাকা সিজারিয়ান ভাতা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হয়েছে।
কর্মশালায় এসডিএফ বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ কামাল বাশার এর সভাপতিত্বে বিভাগীয় সমাজসেবার পরিচালক শাহ মো: রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা: এস.এম মনজুর-এ-এলাহীসহ পটুয়াখালী ও পিরোজপুর জেলার স্বাস্থ্য, সমাজসেবা, কৃষি সম্প্রসারণ, জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এসডিএফ’র আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) ডা. মুক্তপাশা ।
