4:18 pm , January 13, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন হচ্ছে না। জাতীয় সংসদ নির্বাচনের আগে কোন সংগঠন নির্বাচন করতে পারবে না মর্মে নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। এ কারণে বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানান জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপপরিষদের আহ্বায়ক এসএম সাদিকুর রহমান লিংকন। নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান সভাপতি এসএম সাদিকুর রহমান লিংকন সভাপতি এবং মির্জা রিয়াজ হোসেন সাধারণ সম্পাদকসহ বর্তমান কমিটি দায়িত্ব পালন করবেন। আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদ হোসেন, আলী হায়দার বাবুল, অ্যাডভোকেট দিপু, বর্তমান সভাপতি সাইদুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক মির্জা রিয়াজ হোসেন সহ আইনজীবীরা জাতীয় সংসদ নির্বাচনের পর আইনজীবী সমিতির নির্বাচনের দাবি করেছিলেন সাধারণ সভায়। কিন্তু কিছু আইনজীবীরা সাধারণ সভায় হট্টগোল শুরু করে নির্বাচনের দাবি তোলেন। ওইসব আইনজীবীরা সভাপতির রুমে তালা লাগিয়ে দেন। পরে চাপের মুখে সাদিকুর রহমান লিংকন ৫ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য হন। এ ব্যাপারে আইনজীবী মহসিন মন্টু বলেন-আমরা ৫ ফেব্রুয়ারি নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের আগে কোন নির্বাচন হবে না এই মর্মে নির্বাচন কমিশন থেকে আদেশ জারি করায় আমরা আগের অবস্থান থেকে সরে এসেছি।
