শনিবার থেকে বরিশালে বন্ধ হতে পারে গ্যাস বিক্রি শনিবার থেকে বরিশালে বন্ধ হতে পারে গ্যাস বিক্রি - ajkerparibartan.com
শনিবার থেকে বরিশালে বন্ধ হতে পারে গ্যাস বিক্রি

3:17 pm , January 8, 2026

ধর্মঘট প্রত্যাহার ও সরবরাহ স্বাভাবিক না হলে
হেলাল উদ্দিন ॥
সারা দেশে সিলিন্ডার গ্যাস সরবরাহ বন্ধের কারনে বরিশালে এর তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নতুন করে গ্যাস সরবরাহ শুরু না করা হলে শনিবার থেকে ডিলার পর্যায় থেকে খুচরা পর্যায়ে গ্যাস বিক্রি বন্ধ হয়ে যাবে। আর এমনটা হলে গ্রাহক পর্যায়ে চরম ভোগান্তি ও অস্থিরতা তৈরী হবে। ডিলাররা বলছেন-বরিশালে বর্তমানে ২-৩ টি কোম্পানীর গ্যাস সরবরাহ চালু আছে। তারাও যদি সরবরাহ বন্ধ করে দেয় তাহলে  বিক্রি করার মত কোন গ্যাস থাকবে না। ফলে বরিশাল কেন সারা দেশে গ্যাসের জন্য হাকার শুরু হবে। সান কোম্পানীর বরিশাল নগরীর ডিলার  মো: রাফিউল আলম খান  বৃহস্পতিবার বিকেলে বলেন-বর্তমানে তার মজুদে ১৬১টি ১২ কেজির গ্যাস সিলিন্ডার রয়েছে। নতুন করে না পেলে এই মজুদ শনিবারের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর বাধ্য হয়েই তাকে গ্যাস বিক্রি বন্ধ করে দিতে হবে। তিনি বলেন-গত এক সপ্তাহ ধরেই কোম্পানী থেকে চাহিদা মত গ্যাস পাচ্ছেন না। তাই খুচরা দোকানীকেও তিনি চাহিদামত গ্যাস দিতে পারছেন না।
সরকার বর্তমানে ১২ কেজি গ্যাসের দাম গ্রাহক পর্যায়ে ১৩০৬ টাকা নির্ধারন করে দিলেও সেই দামে তাদের পক্ষে বিক্রি করা সম্ভব হচ্ছে না। কারন কোম্পানী থেকে ক্রয় মূল্য,পরিবহন খরচ,লেবার খরচ সব মিলিয়ে প্রতিটি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪শ থেকে ১৪৩০ টাকা পড়ে যায়। তাই তারা খুচরা পর্যায়ে বর্তমানে ১৪৫০ টাকা বিক্রি করছেন।
তিনি আরো বলেন-আমরা শুনেছি কেন্দ্রীয় পর্যায়ে ধর্মঘট চলছে। গ্যাস বিক্রি করতে নিষেধ রয়েছে। তারপরও আমরা স্থানীয় প্রশাসনের অনুরাধে ও গ্রাহকদের ভোগান্তির কথা চিন্তা করে গ্যাস বিক্রি চালু রেখেছি। যতক্ষন আমার মজুদে আছে ততক্ষন বিক্রি করব। শেষ হয়ে গেলে আমার কিছু করার থাকবে না।
ফ্রেস কোম্পানীর ডিলার দীপ্ত সাহা বলেন- বর্তমানে আমার কোন মজুদ নেই বললেই চলে। যা আছে তাই দিয়ে কোনভাবে শহরে সাপ্লাই চালু রেখেছি। নতুন করে গ্যাস না পেলে শনিবার থেকে একটা গ্যাসও বিক্রি করা সম্ভব হবে না। কোম্পানী থেকে গত এক সপ্তাহ ধরে বলা হচ্ছে ‘দু/এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে কিন্তু বাস্তবে হচ্ছে না। এরমধ্যে খবর পেলাম ব্যবসায়ী সমিতি ধর্মঘট শুরু করেছে। এখন কবে এর সমাধান হবে তা বলা যাচ্ছে না। দিনে দিনে পরিস্থিতি খারাপ হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে নগরীর অধিকাংশ খুচরা দোকানে ৫-১০ টি গ্যাস মজুদ রয়েছে। তারা গ্রাহক পর্যায়ে ১৫শ টাকা দরে বিক্রি করছেন। খুচরা ব্যবসায়ীরা বলছেন ডিলারদের কাছে যে পরিমান গ্যাস তারা অর্ডার করছেন তার অর্ধেক গ্যাস দেওয়া হচ্ছে।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন-ডিলারদের কাছে কি পরিমান গ্যাস মজুদ আছে সে ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই। আমরা ডিলারদের নির্দেশনা দিয়েছি যতক্ষন তাদের কাছে মজুদ থাকবে বিক্রি চালিয়ে যেতে। এর পরও কোন স্থান থেকে অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগ পেলে আমরা তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT