3:38 pm , January 7, 2026
লালমোহন প্রতিবেদক ॥
ভোলার লালমোহনে যাত্রীবেশে ইজিবাইক ভাড়া নিয়ে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনার ৬দিন পর মূল ঘাতক সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার এই ঘটনায় ভোলা জেলা পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার প্রেস ব্রিফিং করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের বিষয়টি জানান।
গত ৩১ ডিসেম্বর লালমোহন উপজেলার কচুয়াখালী গ্রামে ধানের ক্ষেত থেকে ইজিবাইক চালক আবু বকর সিদ্দিক (৫১) এর লাশ উদ্ধার করা হয়। তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নিহত আবু বকর এর বাড়ি চরফ্যাশন উপজেলার শসিভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নে। এ ঘটনায় নিহতের ছেলে সুলতান আল বাদী হয়ে ১ জানুয়ারি লালমোহন থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার ৬দিন পর আসামী গ্রেফতার করে বুধবার দুপুরে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার জানান, গত ৩০ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে চরফ্যাশন পৌরসভা বাসস্ট্যান্ড থেকে লালমোহনের গজারিয়া বাজারে যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া নেয় আসামীরা। রাত সাড়ে ৯টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী এলাকায় পৌঁছালে চালক আবু বকর সিদ্দিকের বুকে ধারালো চাকু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। পরে নীল রঙের ইজিবাইকটি ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ৬ জানুয়ারি মামলার প্রধান আসামি মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যে আরও দুই আসামিÑমোহাম্মদ রাজা (৩২) ও কাজী তারেক (৩৫) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যাকা-ে ব্যবহৃত চাকু ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আসামীরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃত মোহাম্মদ রাজার বিরুদ্ধে ঢাকার সাভার ও মোহাম্মদপুর থানায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ সুপার আরো জানান, ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
