3:28 pm , January 7, 2026
মো : জিয়াউদ্দিন বাবু ॥
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামি ৫ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার নির্বাচনের তারিখ নির্ধারণের জন্য সাধারণ সভার আয়োজন করেন আইনজীবীরা। এ সময় আইনজীবীরা বর্তমান সভাপতির রুমে তালা লাগিয়ে দেয়। বুধবার উভয়পক্ষের আইনজীবীদের সমঝোতার মাধ্যমে আগামী ৫ ফেব্রুয়ারি আইনজীবী সমিতি নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে শান্ত পরিবেশ ফিরে আসে। এ প্রসঙ্গে আইনজীবী সমিতির সভাপতি সাইদুর রহমান লিংকন বলেন, সাধারণ আইনজীবীদের দাবির প্রেক্ষিতে আগামী ৫ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মহসিন মন্টু বলেন, আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। অতএব এখন আর আমাদের মধ্যে কোন বিরোধ নেই। আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শহিদ হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনজীবী সমিতির নির্বাচন করা ঠিক নয়। সংসদ নির্বাচন নিয়ে কমবেশি সবাই ব্যস্ত থাকবে। তাই সংসদ নির্বাচনের পরেই আইনজীবী সমিতির নির্বাচন হওয়া উচিত।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আইনজীবী সমিতির গঠনতন্ত্রের ২০ (ক), (খ), (গ) ও (ঘ) ধারায় বর্ণিত নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। আগামী রোববার অথবা সোমবার নির্বাচনের তফসিল সংশোধন করে প্রকাশ করা হবে বলে আইনজীবী সমিতির সভাপতি সাইদুর রহমান লিংকন জানিয়েছেন।
