তীব্র শীতে জনস্বাস্থ্যের সাথে অর্থকরী ফসলও ঝুঁকিতে! তীব্র শীতে জনস্বাস্থ্যের সাথে অর্থকরী ফসলও ঝুঁকিতে! - ajkerparibartan.com
তীব্র শীতে জনস্বাস্থ্যের সাথে অর্থকরী ফসলও ঝুঁকিতে!

3:12 pm , January 5, 2026

বিশেষ প্রতিবেদক ॥
দক্ষিণাঞ্চলজুড়ে তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে থাকার মধ্যে জনস্বাস্থ্যের সাথে প্রধান দুটি অর্থকারী ফসল বোরো বীজতলা ও গোল আলু এবং শীতকালীন সবজির উৎপাদনেও ঝুঁকি ক্রমশ বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে শীতকালীন শাক-সবজির গুনগতমান। কৃষকদের কপালে দু:শ্চিন্তার ভাজও গভীর হচ্ছে। এমনকি অব্যাহত শৈত্য প্রবাহের সাথে উত্তর-পূবের হিমেল হাওয়ায় অনেক বেলা অবধি কৃষক ও কৃষি মজুররা ফসলের মাঠেই নামতে পারছেন না। ফলে ফসলের পরিচর্জা সহ বোরো বীজ উত্তোলন ও রোপনও ব্যাহত হচ্ছে। কৃষকদের মাঝে ঠান্ডাজনিত রোগব্যাধির প্রকোপও ক্রমশ বাড়ছে।
চলতি রবি মৌসুমে  দক্ষিণাঞ্চলে প্রায় ১৮ লাখ টন বোরো চাল উৎপাদনের লক্ষ্যে ৩.৮৫ লাখ হেক্টরে আবাদের লক্ষ্যে পৌছতে ২০,৩১৭ হেক্টরে বোরো বীজতলা তৈরীর কাজ শেষ পর্যায়ে। কিন্তু পৌষের শুরু থেকেই লাগাতার মৃদু থেকে মাঝারী শৈত্য প্রবাহে বোরো বীজতলায় ‘কোল্ড ইনজুরী নিয়ে উদ্বিগ্ন কৃষিবীদরা। ইতোমধ্যে একটানা ৩দিন সূর্যের মুখ না দেখায়  পরিস্থিতি যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এমনকি সে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হলেও ইতোমধ্যে বরিশালে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ৫ ডিগ্রী নিচে নেমে গেছে। এ অঞ্চলের বোরো আবাদী প্রতিটি এলাকাতেই তাপমাত্রা নেমে যাবার সাথে মধ্যরাত থেকে পরদিন অনেক বেলা অবধি কুয়াশার চাঁদরে বোরো বীজতলা ঢেকে যাওয়ায় ঝুঁকি ক্রমশ বাড়ছে।
পাশাপাশি এ অঞ্চলে যে প্রায় ১৫ হাজার হেক্টরে গোল আলুর আবাদ হচ্ছে, শীতের দাপটে তা ‘লেট ব্লাইট’ নামের এক ধরনের ছত্রাকবাহী রোগে আক্রান্ত হবার  শংকাও ক্রমশ  বাড়ছে। চলতি রবি মৌসুমে দক্ষিণাঞ্চলে  ৩ লক্ষাধিক টন গোল আলু ঘরে তোলার লক্ষ্যে কাজ করছেন কৃষিযোদ্ধারা। একই সাথে এ অঞ্চলে যে ২ লাখ ৫৫ হাজার হেক্টরে শীতকালীন সবজি আবাদের মাধ্যমে প্রায় ১২ লাখ টন শীতকালীন সবজির আবাদ হচ্ছে তার গুনগতমানও বিনষ্ট হচ্ছে।
তবে বরিশাল কৃষি অঞ্চলে যে প্রায় ৬০ হাজার হেক্টরে গমের আবাদ হচ্ছে, শৈত্য প্রবাহে তার জন্য অনুকুল পরিবেশ তৈরী হচ্ছে।  তাপমাত্রা যত কমবে গমের ফলন ততটাই বাড়ার সম্ভাবনা রয়েছে বলে কৃষিবীদরা জানিয়েছেন। চলতি রবি মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলে দুই লক্ষাধিক টন গম উৎপাদনের লক্ষ্য রয়েছে।
এসব বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলেল প্রধান নির্বাহী ও অতিরিক্ত পরিচালক ড. নজরুল ইসলাম সিকদার বলেন-আমরা নিবিড়ভাবে  পরিস্থিতি পর্যবেক্ষনে রাখার পাশাপাশি কৃষকদের সব ধরনের প্রযুক্তিগত সহায়তাও প্রদান করছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT