2:55 pm , January 4, 2026
পিরোজপুর প্রতিবেদক ॥
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিন বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছিলেন। তার মৃত্যুতে জাতি এক অভিভাবককে হারালো। শেখ হাসিনা তার ওপর দীর্ঘদিন ধরে নির্মম নির্যাতন ও ভয়াবহ অত্যাচার চালিয়েছে। একটি মিথ্যা ও চরম অসম্মানজনক মামলায় তাকে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়েছিল। পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে ধীরে ধীরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। রোববার বিকেল ৪টায় ভা-ারিয়া উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে ইকড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, খালেদা জিয়া নিজের সন্তানকে বিসর্জন দিয়ে দীর্ঘ সতেরো বছর ধরে বিএনপির পরিবারকে আগলে রেখেছেন, এটা শুধু একজন নেত্রীর দায়িত্ব পালন নয়, বরং এক মায়ের আত্মত্যাগের অনন্য উদাহরণ। রাজনৈতিক প্রতিহিংসা, বন্দীত্ব, অসুস্থতা সবকিছুর মধ্যেও তিনি দলকে একতাবদ্ধ রেখেছেন, নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন। এই সময়টায় তার নেতৃত্ব ছিল অবিচল, যা দলীয় নেতাকর্মীদের মননে এক শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করেছে।
ইকড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন খলিফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন।আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএপির আহবায়ক আব্দুল মান্নন, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএরপির যুগ্ম সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন বিপ্লব, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সুমন হাওলাদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহীম হোসেন হিরন প্রমূখ। পরে দোয়া-মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
