4:05 pm , January 3, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
নগরীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে রূপাতলীর উকিলবাড়ি এলাকার বরিশাল-ঝালকাঠি সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জুয়েল (২৮) এবং রাসেল (২৫)। জুয়েল রূপাতলী এবং রাসেল রুইয়ার পোল এলাকার বাসিন্দা। উভয়ে এসিআই এ্যানিমেল হেলথের স্টোরে হেলপার পদে কর্মরত ছিলেন।কোতয়ালি থানা পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে অফিস শেষ করে জুয়েল এবং রাসেল নাস্তা করতে মোটরসাইকেলযোগে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ঝালকাঠিগামী মালবোঝাই ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল প্রাণ হারান এবং গুরুতর আহত জুয়েলকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌছানোর আগেই জুয়েলের মৃত্যু হয়।
এর আগে দুর্ঘটনার পরপরই পরিস্থিতি বেগতিক দেখে ট্রাকটি রাস্তার ওপর রেখেই পালিয়ে যায় চালক এবং হেলপার। পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তারে তৎপর বলে জানান কোতয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।
