3:27 pm , January 3, 2026
গৌরনদী প্রতিবেদক ॥
নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর বার্ষিক সাধারণ সভা শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। সভায় ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহ আলম হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। সভায় বার্ষিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন বেপারী। তিনি বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সদস্যদের সামনে তুলে ধরেন।
প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন বলেন, সমবায় ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা ও স্বাবলম্বিতার অন্যতম ভরসা। নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের মতো প্রতিষ্ঠান যদি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন বজায় রেখে পরিচালিত হয়, তাহলে সদস্যদের জীবনমান উন্নয়নে এটি কার্যকর ভূমিকা রাখতে পারবে।
বিশেষ অতিথির বক্তব্যে জহুরুল ইসলাম জহির বলেন, সমবায় প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হলে নিয়মিত নিরীক্ষা, সময়োপযোগী সিদ্ধান্ত এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন দীর্ঘদিন ধরে যে সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে, তা ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আরো বক্তব্য রাখেন ঋণদান কমিটির সভাপতি আবুল হোসেন, অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির সভাপতি মো. ফরুক হোসেন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, প্রধান নির্বাহী মো: শহিদুজ্জামান তালুকদার, সহকারী ব্যবস্থাপক এসএম ইউনুস, সিনিয়র অফিসার (অর্থ ও প্রশাসন) মিনতি রাণী অধিকারী এবং সিনিয়র অফিসার মো. আব্দুস সালাম। সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব অনুমোদনের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ ও সমবায় কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
