3:27 pm , January 2, 2026
নলছিটি প্রতিবেদক ॥
নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অব.) এম. সাখাওয়াত হোসেন বলেছেন, শহীদ ওসমান হাদি এখন শুধু বাংলাদেশের নয়। সারা পৃথিবীতেই তার নাম ছড়িয়ে পড়েছে। জুলাই বিপ্লবে তার ভূমিকা এ জাতি আজীবন স্মরণ রাখবে। হাদির আশা ছিল এদেশের রাজনীতি হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। আমরাও চাই দেশে পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতির ধারা ফিরে আসুক। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা জুলাই বিপ্লবের চেতনা থেকে শিক্ষা নিয়ে জনগণের হয়ে দেশের জন্য সততার সঙ্গে কাজ করবে। যদি তা না হয় এই শহীদদের আত্মা আমাদের কাউকে মাফ করবে না। শুক্রবার বিকেলে বিকেলে নলছিটিতে শহীদ ওসমান হাদি লঞ্চঘাট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমার মন্ত্রণালয়ের অধীনে ছিল বিধায় আমি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে তার নামে নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করে দিয়েছি ‘ওসমান হাদি লঞ্চঘাট’। এর আগে তিনি শহীদ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি ও ভগ্নিপতি আমির হোসেনের সাথে কথা বলেন এবং তাদের শান্ত¡না দেন। এ সময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রফিকুল করিম ,ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, বিএডব্লিউটি এর পরিচালক মো. আমজাদ হোসেন, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হাবিব, নলছিটি থানার ওসি আরিফুল আলমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে বিআইডব্লিউটিএ এর অধীনে ঘাটটির সংস্কার ও রংয়ের কাজ শেষ হয়। গত ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে লঞ্চ ঘাটটির উদ্বোধন করার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে নৌ পরিবহন উপদেষ্টার সেদিনের সফর বাতিল করা হয়।
শহীদ ওসমান হাদির নামে স্থানীয় লঞ্চঘাটের নামকরণ করার সিদ্ধান্তে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অত্যন্ত খুশি। তাদের মতে নলছিটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এতে তরুণ প্রজন্ম ন্যায়বোধ, প্রতিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আরও সচেতন হবে।
এবিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী এবং শহরের ব্যবসায়ী ও ভলান্টিয়ার্স অফ নলছিটি এর আহবায়ক মো. শহাদাত আলম ফকির বলেন, ওসমান হাদি নলছিটির কৃতী সন্তান। শরিফ ওসমান হাদি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করেছেন তিনি। তাকে দেশবাসী চিরদিন স্মরণ করবে।
ঝালকাঠির নলছিটি পৌর এলাকার খাসমহল এলাকার মৃত শরীফ আব্দুল হাদির ছোট ছেলে শহীদ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তাঁর শাহাদাতের পর জন্মভূমিতে তাঁর নামে একটি গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণকে নলছিটির মানুষ দেখছেন প্রতিবাদী রাজনীতির প্রতি সম্মান ও ইতিহাসের স্মারক হিসেবে।
