3:40 pm , January 1, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল জেলায় মাধ্যমিক পর্যায়ে চাহিদার বিপরীতে ৬৭ ভাগ বই এসেছে। এরমধ্যে অষ্টম শ্রেণির কোনো বই শিক্ষার্থীরা পায়নি।
জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা মিলিয়ে ৮৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লাখ ১৫ হাজার ৫৭০ জন শিক্ষার্থীর জন্য ৩৪ লাখ ৫২ হাজার ৩৭৬ টি বইয়ের বিপরীতে সব মিলিয়ে ৬০ ভাগ শিক্ষার্থী বই পেয়েছে। এরমধ্যে স্কুল পর্যায়ে ৬৭ ভাগ, কারিগরি পর্যায়ে ২৫ ভাগ, ইবতেদায়ী পর্যায়ে ১০০ ভাগ বই বিতরণ হয়েছে। তবে ইংরেজি ভার্সনে কোনো বই পাওয়া যায়নি।
বরিশাল জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা নিটুল মন্ডল জানান, মাধ্যমিকের স্কুল পর্যায়ে ২১ লাখ ৭৫ হাজার ২টি বইয়ের চাহিদার বিপরীতে ৭০ ভাগ বই এসেছে। এরমধ্যে অষ্টম শ্রেণির কোনো বই আসেনি। মাদ্রাসার ৭ লাখ ৯৩ হাজার ৪৭৯ চাহিদার বিপরীতে ৩০ ভাগ পর্যন্ত বই এসেছে। ইবতেদায়ীর ৪ লাখ ৭৩ হাজার ৩৯০ চাহিদার বিপরীতে ১০০ ভাগ বই এসেছে।
দাখিল ভোকেশনাল ২৮১০ চাহিদার বিপরীতে ২৫ ভাগ, এসএসসি ভোকেশনাল ৩৪ হাজার ১৭০ এর বিপরীতে ২৫ ভাগ, স্কুল পর্যায়ে কারিগরি ট্রেড ২৮ হাজার ৭১০ এর বিপরীতে ২৫ ভাগ বই এসেছে। ইংরেজি ভার্সনে ১২,৩১৫ চাহিদার বিপরীতে কোনো বই আসেনি।
জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো : আব্দুল জব্বার বলেন, অষ্টম শ্রেণির কোনো বই এই মুহূর্তে আসেনি।
অক্সফোর্ড মিশন হাই স্কুলের প্রধানশিক্ষক পলিনুস গুদা জানান, এই স্কুলের শিক্ষার্থীদের সংখ্যা ৯১৫। এরমধ্যে চাহিদার ৫০ ভাগের বেশি বই পেয়েছে। তবে অষ্টম শ্রেণির কোনো বই পাননি।
নগরীর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অভি বিশ্বাস জানান, ‘ধর্ম বই বাদে অন্য সব বই পেয়েছি। বছরের প্রথমেই বই পেয়ে আমার খুব ভালো লাগছে’।
