নগরীতে সড়ক অবরোধ করে ছাত্রদলের বিক্ষোভ নগরীতে সড়ক অবরোধ করে ছাত্রদলের বিক্ষোভ - ajkerparibartan.com
নগরীতে সড়ক অবরোধ করে ছাত্রদলের বিক্ষোভ

4:02 pm , April 9, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
প্রকৃত ছাত্র ও ত্যাগী নেতাদের দিয়ে বরিশাল মহানগর ছাত্রদলের কমিটি গঠনের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে জেনারেল হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউনহলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা।
বিক্ষোভরত সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদ হোসেন আবির গণমাধ্যমকে বলেন, মহানগর ছাত্রদলের একটি কমিটি ৮ বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে। দীর্ঘ সময় পার হলেও নতুন করে কোনো কমিটি করা হয়নি। বহুদিন ধরে নতুন কমিটির দাবী উঠলেও তা পূরন হয়নি। এখন সেই দাবীতেই মাঠে নেমেছি আমরা। আমরা চাই প্রথমত প্রকৃত ছাত্র এবং দ্বিতীয়ত দলের জন্য ত্যাগীদের নিয়ে কমিটি করতে হবে। এই দুই ধরণের যোগ্যতা ছাড়া কাউকে আমরা ছাত্রদলের কমিটিতে দেখতে চাই না। সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের সদস্য সচিব আল আমিন বলেন, যাদের ছাত্রত্ব নেই তারা অযোগ্য হওয়া সত্ত্বেও নানাভাবে লবিং করছে মহানগর ছাত্রদলের পদে আসার জন্য। ছাত্রদলের কমিটিতে শুধু ছাত্রদেরই চাই আমরা।
মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেদোয়ান রাকিব বলেন, ছাত্রদের নিয়ে কমিটি গঠন করা না হলে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। আর আমরা কখনোই চাই না এমনটা হোক। তাই রাজপথে নেমেছি আন্দোলনে। ঘন্টব্যাপী নগরীর মূল সড়ক অবরোধের পর বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের আশ্বাসে সড়ক অবরোধ থেকে সরে আসে ছাত্রদলের নেতাকর্মীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT