3:39 pm , April 9, 2026
আগৈলঝাড়া প্রতিবেদক ॥
আগৈলঝাড়ায় ঝুঁকিপূর্ন ব্রীজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ সাধারন জনগন। জরাজীর্ণ ব্রীজটি দীর্ঘ কয়েক বছরেও সংস্কারের উদ্যোগে নেয়নি এলজিইডি বিভাগ। স্থানীয়দের উদ্যোগে কাঠ ও বাঁশ দ্বারা মেরামত করে বাঁশের খুটি দিয়ে প্রতিদিন শতশত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই জরাজীর্ণ ব্রীজ দিয়ে পারাপার হচ্ছেন। রাতের অন্ধকারে লোকজন ব্রীজ দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুঘর্টনার শিকার হচ্ছেন।
জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাটরা বাহাদুরপুর খালের উপর ২৫ বছর পূর্বে ব্রীজটি নির্মান করা হয়েছিল। ব্রীজটি নির্মানের ৮-১০ বছর যেতে না যেতেই বিভিন্ন স্থানের হাতল ও মাঝখানের ঢালাই ভেঙে যাওয়ার কারনে ব্রীজটি ঝুঁকিপূর্ন হয়ে পড়ে । ওই ব্রীজ দিয়ে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ প্রতিদিন শতশত লোকজন চলাচল করছে।
এব্যাপারে উপজেলা এলজিইডির প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, এই ব্রীজটির অবস্থা খুবই বেহাল। ব্রীজ সরেজমিন পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
