3:38 pm , April 9, 2026
মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে খাল বন্ধ করে বাড়ির রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার চরকালেখান ইউনিয়নের ৮ ও ২ নম্বর ওর্য়াডের একটি খাল বন্ধ করে ওই এলাকার তিনটি বাড়ির রাস্তা করা হয়। এতে প্রায় দুই হাজার পরিবার প্রতিবছর জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার করে পুন:খননের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার খাল ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পুন:খননের নির্দেশনা দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, চরকালেখান ইউনিয়নের ৮ নম্বর ওর্য়াডে বাকীউল্লাহ চৌকিদারের বাড়ির পূর্বপাশের খালটি অনেক গুরুত্বপূর্ণ। এই খাল দিয়ে পানি নিস্কাশন হয়ে জলাবদ্ধতা নিরসন হতো। কয়েক বছর আগে কয়েকজন ব্যক্তি খালটি বন্ধ করে নিজেদের বাড়ির রাস্তা নির্মাণ করেন। এতে প্রায় ১ হাজার পরিবার জলাবদ্ধতার শিকার হন। খালটি উদ্ধার করে পুন:খননের জন্য ওই এলাকার বাসিন্দা প্রকৌশলী আব্দুল খালেক একটি আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার ওই এলাকা পরিদর্শন করেন এবং খাল উদ্ধার করে পুন:খননের উদ্যোগ নেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রানা, স্থানীয় বাসিন্দা প্রকৌশলী আব্দুল খালেক, প্রকৌশলী হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা আব্দুর রব আকন, মো. খাইরুল কবির লিটন মৃধা, মো. মামুন দেওয়ান, মো. রতন সরদার, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল সরদার, মো. মতিউর রহমান খান, রিপন ব্যাপারী, মো. বাকীউল্লাহ চৌকিদার, দুলাল আকন, ভুলু ব্যাপারী, মালেক ব্যাপার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার বলেন, জনদুর্ভোগ নিরসনে খালটি উদ্ধার করে দ্রুত পুনখনন করা হবে। যারা রাস্তা নির্মাণ করেছেন তাদের ছোট কালভার্ট দিয়ে চলাচলের ব্যবস্থা করা হবে।
