4:24 pm , April 8, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. লিটন শিকদার ওরফে লিটু (৩২) কে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার গুরুত্বপূর্ণ অন্যতম ৫নং আসামি, বরিশাল মহানগর শাখার বহিষ্কৃত যুগ্ম-আহ্বায়ক মো: রিয়াজ খান মিল্টন জামিনে বের হয়ে এবার অপহরণ করেছে বিএম কলেজের ইতিহাস বিভাগের ছাত্র রেদোয়ান ইসলাম সুনান কে (২০)। মিল্টনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে বরিশাল কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান, ছাত্র সুনানের পিতা তারিক সুলায়মান। চলতি মাসের ৬ এপ্রিল ছাত্র সুনান অপহরণ হবার পর ওই দিনই অভিযোগ দায়ের করা হয়। জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ‘পুলিশ কমিশনার’। স্যারের আদেশ পাওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে ছাত্র সুনান কে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে তারিক সুলায়মান বলেন, ৬ এপ্রিল সন্ধ্যা রাতে মুঠোফোনে খবর পাই আমার ছেলেকে অপহরণ করেছে নগরীর কাউনিয়া বাগান বাড়ির মিল্টন। “মুহূর্তের মধ্যে” আমি কাউনিয়া থানায় উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর বরাবর একটি লিখিত আবেদন করি। পরে পুলিশ অপহৃত আমার ছেলে সুনানকে উদ্ধার করে। আমার ছেলে বরিশাল বিএম কলেজে ইতিহাস বিভাগের ছাত্র।
জানা গেছে, ২০২৫ সালের ৩১ জুলাই সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ি এলাকার পুলিশের কাছ থেকে লিটুকে প্রকাশ্যে ছিনিয়ে নিয়ে লিটুকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় পাশাপাশি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ হত্যার ঘটনায় পরদিন ১ আগস্ট বরিশালের এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন নিহত লিটুর বোন মোসা. মুন্নি (৩৫) মামলায় নামধারী ৬১ জন ও অজ্ঞাতনামা ১৫০/২০০ জনকে আসামি করা একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করেন- হামলার সময় লিটুর হাত কেটে বিচ্ছিন্ন করে নিয়ে যায় ৫ নং আসামি মিল্টন। পরে অন্যান্য আসামিরা হামলা চালিয়ে বাদি সহ তার ভাই-বোনদের পিটিয়ে কুপিয়ে আহত-নিহত করে। পারিবারিক দ্বন্দ্বের কারণে জাকিরের নির্দেশেই এ হামলার ঘটনা ঘটে। হত্যার ঘটনায় মিল্টন নির্বাচনের আগে জেল থেকে উচ্চ আদালতের আদেশে জামিনে বের হয়। জামিন থাকা অবস্থায় মিল্টনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ উঠে।
২০২৫ সালের ১০ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গনির প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকা-ে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বরিশাল মহানগর শাখার যুগ্ম-আহ্বায়ক মো: রিয়াজ খান মিল্টন-কে দলীয় পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে একই সাথে দলের নেতাকর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হল। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এর সিদ্ধান্তে এ অনুমোদন দেওয়া হয়।
অপহরণের বিষয় জানতে চাইলে মো: রিয়াজ খান মিল্টনের মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি বারবার সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
