নগরীর অবৈধ স্থাপনা অপসারণে নগর ভবনের নোটিশ নগরীর অবৈধ স্থাপনা অপসারণে নগর ভবনের নোটিশ - ajkerparibartan.com
নগরীর অবৈধ স্থাপনা অপসারণে নগর ভবনের নোটিশ

4:19 pm , April 8, 2026

বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল মহানগরীর অনেক রাস্তা ও ফুটপাত সহ পার্ক এবং শ্রান্তি বিনোদনের স্থানগুলো ক্রমশ অবৈধ দখলে চলে গেছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে এসব অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ সম্বলিত মাইকিং চলছে নগর ভবনের পক্ষ থেকে। তবে ৮ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত কোন অবৈধ দখলদার সরকারি জায়গা ছেড়ে দেয়নি।
অপরদিকে নগরীর বেলসপার্ক সহ বিভিন্ন পার্ক ও শ্রান্তি বিনোদনের স্থানগুলোতে বিদায়ী নগর প্রশাসক রায়হান কাওসারের সময় থেকে দৈনিক ভাড়ার ভিত্তিতে যেসব দোকানপাট ও ভাসমান খাবারের দোকান স্থাপন করে দুর্ভোগ বৃদ্ধি করা হয়েছে, তাদের বিষয়ে নগর প্রশাসক কি করবেন তাও দেখার অপেক্ষায় নগরবাসী।
প্রশাসক হিসেবে গত ১৬ মার্চ দায়িত্ব গ্রহণ করেন  এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। তিনি নগর ভবনের দুর্নীতি দূর সহ একটি সুশৃঙ্খল নগরী উপহার দেওয়ার কথা বলছেন। ইতোমধ্যে তিনি দিনরাত নগরীর  এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলছেন। বিভিন্ন সমস্যা সরেজমিনে প্রত্যক্ষ করা সহ তাৎক্ষনিক সিদ্ধান্তও দিচ্ছেন। প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সহ নগর ভবনেও সর্বস্তরের মানুষের সাথে কথা বলে সবার মতামত গ্রহণ করেছেন। সমস্যা চিহিৃত করে সেভাবে আগানোর চেষ্টাও করছেন নতুন প্রশাসক। এসব সভাগুলোতে নগর প্রশাসক নগরীর জনদুর্ভোগ সম্পর্কে ধারনা সহ নগরবাসীর চাহিদার বিষয়েও  অবগত হয়েছেন।
ফুটপাত সহ সাধারনের চলাচলের রাস্তা দখলের মহোৎসব চলছে গত কয়েক বছর ধরে। এমনকি খোদ নগর ভবনের সামনে চকবাজার সড়ক ও ফজলুল হক এভেনিউ এর ফুটপাত পেরিয়ে মূল সড়ক পর্যন্ত দখল হয়ে গেছে। নবগ্রাম রোড-চৌমহনী লেকের পাড় পেরিয়ে বরিশালÑফরিদপুর-ঢাকা জাতীয় মহাসড়কটিও বেদখল আর উদ্ধারের নানা খেলা প্রত্যক্ষ করছেন নগরবাসী।
এ নগরীর ঐতিহ্যবাহী বেলসপার্ক সহ শ্রান্তি বিনোদনের যে সীমিত সুযোগ ছিল, তাও কেড়ে নিয়েছে অবৈধ দখলদাররা। এমনকি এসব পার্ক ও শ্রান্তি বিনোদনের স্থানগুলো বহু আগেই তার মূল চরিত্র হারিয়ে নগরবাসীর দুর্ভোগের স্থানে পরিনত হয়েছে। উপরন্তু মাস কয়েক আগে সাবেক নগর প্রশাসক রায়হান কাওসার ২৪ ঘন্টার নোটিশ দিয়ে বেলসপার্ক সহ কয়েকটি এলাকা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার অল্প কয়েকদিনের মাথায় তারা প্রায় বৈধতা নিয়েই ফিরে আসে। এখন পুরো পার্কটিতে অবৈধ দখলদারদের রাজত্ব। এসব অবৈধ দোকানীরা এখন নগর ভবনের টোল কালেক্টরদের প্রতিদিন ২০ টাকা খাজনা দিয়ে বৈধতা লাভ করেছে।
একইভাবে পুরো নগরীর বিভিন্ন স্থানে অবৈধ দখলদারদের রাজত্ব চলছে। এমনকি গত ২ এপ্রিল সিটি প্রশাসক নগরীর নবগ্রাম রোড-চৌমহনী লেকের অভ্যন্তরে ‘মিউজিক্যাল ফোয়ারা’ স্থাপনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। চেকের চারিদিকে অবৈধ স্থাপনা এমনভাবে করা হয়েছে যে লেকের কোন অংশই দেখা যায় না।
এই ভিত্তি ফলকের পাশেই রাজকুমার ঘোষ রোডটির দক্ষিণ কোন সহ লেকটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব পাড়ে অবৈধ দোকানের অত্যাচারে পুরো লেকটি তার চরিত্র হারিয়েছে অনেক আগেই।
আর এরইমধ্যে আগামী ১০ এপ্রিল অবৈধ দখলদারদের স্বেচ্ছায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত সপ্তাহখানেক ধরে এ নগরীতে প্রচারনা চালাচ্ছে নগরভবন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT