4:06 pm , April 7, 2026
আগৈলঝাড়া প্রতিবেদক ॥
আগৈলঝাড়ায় স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অপহরনকারীর মা ও বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের ছবিখাঁরপাড় গ্রামের শিক্ষক সৈকত কুমার বাড়ৈর মেয়ে ও নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী অনন্যা বাড়ৈকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই স্কুলের এসএসসি পরীক্ষার্থী তন্ময় বিশ্বাস। তন্ময় বিশ্বাসের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই স্কুলছাত্রীকে ওয়াপদা সড়ক থেকে ২৫ মার্চ বিকেলে অপহরণ করেন অপহরনকারীরা। এঘটনায় অপহৃতার মা বিথিকা হালদার বাদী হয়ে গত ৩০ মার্চ রাতে আগৈলঝাড়া থানায় একটি অপহরন মামলায় দায়ের করে। সোমবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মনিরুল ইসলাম অভিযান চালিয়ে ওই মামলার আসামী অপহরনকারীর মা উষারানী বিশ্বাস ও বোন নিপা হালদারকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেলে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে অপহরণ মামলার দুই আসামী মা ও মেয়েকে গ্রেপ্তার করে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, থানায় অপহরন মামলার পরেই দুই আসামীকে গ্রেপ্তার করা হয়।
