4:28 pm , April 5, 2026
বিশেষ প্রতিবেদক ॥
সারাদেশের মধ্যে জনসংখ্যা অনুপাতে বরিশাল বিভাগের ৩টি জেলার ৪টি উপজেলায় ৫ লক্ষাধিক শিশুকে হামের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সন্দেহজনক প্রায় ৭শ হাম আক্রান্ত শিশুর মধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। রোববার নলছিটি উপজেলায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার আনুষ্ঠানিকভাবে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। অপরদিকে বরিশাল সিটি করপেরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনও মহানগরীর কাউনিয়া সহ কয়েকটি এলাকায় হামের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন।
তবে সারা দেশের ঝুকপূর্ণ হাম আক্রান্ত এলাকার মধ্যে ইতোমধ্যে বরিশালের অবস্থান ক্রমে ওপরে উঠে আসছে। রোববার দুপুর পর্যন্ত বরিশাল অঞ্চলের সরকারি হাসপাতালগুলোতে ভর্তিকৃত ৫৭১ সন্দেহভাজন হাম রোগীর মধ্যে ৪০১ জনকে ঘরে পাঠিয়ে দেয়া হলেও এখনো চিকিৎসাধীন প্রায় পৌনে দুইশ।
অপরদিকে সন্দেহভাজন হাম আক্রান্তদের রক্তের নমুনা পরীক্ষার জন্য এখনো ঢাকার আইসিডিআরবি’তে পাঠানো হচ্ছে। ফলে সন্দেভাজন হাম রোগীদের রোগ সম্পর্কে নিশ্চিত হতেই সপ্তাহ পার হয়ে যাচ্ছে। এ পর্যন্ত সন্দেহজনক প্রায় ৭শ হাম আক্রান্ত শিশুর মধ্যে ৫১ জনকে নিশ্চিত হাম রোগী বলে চিহিৃত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের মতে, গত ২ এপ্রিল বরিশাল বিভাগে ১৩৩ শিশুকে সন্দহজনক বলে চিহিৃত করার পরে ৩ এপ্রিল সংখ্যাটা ৬৩ জনে হ্রাস পেলেও ৫ এপ্রিল পুনরায় তা ১০৭ জনে উন্নীত হয়। এমনকি ইতোমধ্যে বরিশাল বিভাগে হাম আক্রান্তদের মধ্যে যে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪ জনেরই মৃত্যু হয়েছে গত চারদিনে।
শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বরিশাল অঞ্চলের সবগুলো জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে এখন হাম আক্রান্ত শিশুদের ভীড় বাড়ছে। শের ই বাংলা হাসপাতালে হাম আক্রান্তদের জন্য পৃথক ওয়ার্ড চালু করা হলেও বেশীরভাগ হাসপাতালেই তা সম্ভব হয়নি। শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপতালের ৪৪ শয্যার শিশু ওয়ার্ডে স্বাভাবিক সময়েই প্রায় ১০গুন রোগী চিকিৎসাধীন থাকে। এখন পরিস্থিতি আরো ভয়াবহ। রোববার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে আরো ৬৪ জন সন্দেহজনক হাম রোগীকে ভর্তির কথা জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর ।
একজন হাম আক্রান্ত রোগী ১৭-২০টি শিশুকে হামের জীবানু ছড়িয়ে দেয়ার জন্য দায়ী। এমনকি হামের উপসর্গ হিসেবে আক্রান্ত শিশুদের ডায়রিয়া, চিকেন পক্স সহ নানা ধরনের রোগব্যধী হতে দেখা যাচ্ছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার থেকে সারাদেশের মত বরিশাল বিভাগের ৪ উপজেলায় যে হাম প্রতিষেধক টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে তার আওতায় বরিশালের মেহেদিগঞ্জ,বাকেরগঞ্জ, বরগুনা পৌরসভা সহ সদর ও নলছিটি উপজেলার ৫ লাখ ৬ হাজার ৪৩৭ শিশুকে টিকা প্রদান করা হচ্ছে। আগামী ২১ এপ্রিলের মধ্যে এসব উপজেলার ৬মাস থেকে ৫৯ মাস বয়সের যেকোন সুস্থ শিশুকেই এ টিকা প্রদান করা হবে। খুব শিঘ্রই দেশের সব উপজেলার সুস্থ যেকোন শিশুই হামের এ টিকায় আওতায় আসবে বলেও জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. শ্যমল কৃষ্ণ মন্ডল।
