4:26 pm , March 31, 2026
রাসেল সিকদার, কাঠালিয়া প্রতিবেদক ॥
কাঠালিয়ায় জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ মণ ওজনের একটি বিশালাকার খটক মাছ। যা স্থানীয় বাজারে নিলামে বিক্রি হয়েছে আড়াই লাখ টাকায়।
জানা গেছে, উপজেলার একদল জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে এই দানবীয় মাছটি তাদের জালে আটকাতে সক্ষম হন। পরে মাছটি কাঠালিয়ার আমুয়া মৎস্য বাজারে নিয়ে আসা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের প্রায় ৬০ কিলোমিটার দূরবর্তী এলাকায় কাঠালিয়ার অনেক জেলে নিয়মিত মাছ ধরতে যান। সেখান থেকেই মাছটি ধরা হয়।
আমুয়া মৎস্য বাজারে মাছটির ওজন আনুমানিক ২৫ মণ নির্ধারণ করা হয়। এরপর নিলামে তোলা হলে স্থানীয় আড়তদার আব্দুল হাই সরদার মাছটি আড়াই লাখ টাকায় ক্রয় করেন। পরে তিনি মাছটি বিক্রির উদ্দেশ্যে পাড়েরহাট মৎস্যবন্দরে নিয়ে যান।
আব্দুল হাই সরদার জানান, দীর্ঘদিন পর কাঠালিয়ার জেলেদের জালে এত বড় আকারের মাছ ধরা পড়ায় জেলে পরিবারগুলোর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। মাছটি কেটে ভাগ করে বাজারে বিক্রি করা হবে বলেও তিনি জানান।
