নার্সের ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু প্রশাসনিক তদন্তের নির্দেশ নার্সের ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু প্রশাসনিক তদন্তের নির্দেশ - ajkerparibartan.com
নার্সের ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু প্রশাসনিক তদন্তের নির্দেশ

4:45 pm , March 17, 2026

হেলাল উদ্দিন ॥
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নার্স কর্তৃক ভুল ইনজেকশনে দুই নারী রোগীর মৃত্যুর ঘটনার সত্যতা উদঘটনে এবং সুষ্ঠু বিচারের নিমিত্তে পুরো বিষয়টি প্রশাসসিক তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বরিশাল অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ এস এম শরিয়ত উল্লাহ এ আদেশ প্রদান করেন। পুরো বিষয়টি তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা হিসাবে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার নিচে নয় এমন একজন কর্মকর্তাকে নিযুক্ত করার নির্দেশনা দিয়েছেন তিনি। একই সাথে তদন্ত প্রতিবেদন আগামী  ৯ এপ্রিলের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়-নার্সের ভুল ইনজেকশনে রোগীর মৃত্যুর ঘটনাটি সত্যি হয়ে থাকলে তা গুরুতর আইনের লংঘন এবং ইচ্ছাকৃত অবহেলা যা শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে এখনো কোন আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়নি মর্মে আদালত নিশ্চিত হয়েছে। এমতাবস্থায় জনস্বার্থ ও ন্যায় বিচারের  উদ্দেশে পুরো ঘটনাটির বিষয়ে প্রশাসনিক তদন্তের পাশাপাশি একটি বিস্তারিত অনুসন্ধান হওয়া উচিত বলে আদালত মনে করে।
আদালত  তদন্ত কমিটির কাছে জানতে চেয়েছে  ‘ইনজেকশন প্রদানকারী নার্সের  ডিগ্রী বা সনদ যোগ্য ও অভিজ্ঞতা ছিলো কিনা, অপারেশনের জন্য দায়িত্বপ্রাপ্ত ও কর্তব্যরত ডাক্তারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও উপস্থিতি ছিলো কিনা, প্রি অ্যানেসথিয়া চেকআপসহ অপারেশনের জন্য নির্দিষ্ট মানদন্ড অনুসরন করা হয়েছিলো কিনা?
প্রসঙ্গত, শেবাচিম হাসপাতালের নাক-কান-গলা বিভাগে চিকিৎসাধীন রোগী হেলেনা বেগম (৪৮) ও শেফালী বেগমমের (৭০) শরীরে রোববার সকালে ‘ভুল ইনজেকশন প্রয়োগ করায় মৃত্যু হয়।
ওইদিন তাদের অস্ত্রপচার করার কথা ছিল। অপারেশন থিয়েটারে নেয়ার আগে ওয়ার্ডে তাদের ইনজেকশন প্রয়োগ করেন ওই দুই নার্স। এন্টিবায়োটিকের বদলে ভুলে অ্যানেসথেশিয়া (শরীর অবশ করার) ইনজেকশন দেওয়া হয়। এর পাঁচ মিনিটের ব্যবধানে দুই রোগী মারা যান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT