5:16 pm , March 15, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার ব্যবস্থার কার্যক্রম সচল রাখা এবং উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক আদেশে এসব নিয়োগ দেওয়া হয়। নতুন প্রশাসকরা দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদগুলোর প্রশাসনিক কর্মকা- আরো গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ আমলে নির্যাতন, হামলা, মামলা ও জেল জুলুমের শিকার হয়েছেন।
এছাড়া ঝালকাঠী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাত হোসেন। তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতিও। পিরোজপুরে আলমগীর হোসেন কে জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে। তিনি জেলা বিএনপির সাবেক আহবায়ক। পটুয়াখালীতে স্নেহাংশু সরকার ও ভোলায় গোলাম নবী আলমগীর কে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
সরকার মনে করছে, এসব নিয়োগের মাধ্যমে জেলা পরিষদগুলোর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং স্থানীয় প্রশাসনের সমন্বয় আরো শক্তিশালী হবে।
