5:10 pm , March 13, 2026
বাকেরগঞ্জ প্রতিবেদক ॥
বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবিরের ওপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহেল সিকদারসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ৯ মার্চ ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেওহামলাকারীদের কেউ গ্রেপ্তার না হওয়ায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সুত্র জানায়, গত ৯ মার্চ মব সৃষ্টি করে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির ওপর হামলা ও তাকে মারধর করার ঘটনা ঘটে। ওই হামলায় নেতৃত্ব দেয় নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহেল সিকদার। ঘটনার দিন বিএনপি নেতা মোঃ সোহেল সিকদারের নেতৃত্বে ৩৫-৪০ জন হামলাকারী মব সৃষ্টি করে পরিকল্পিতভাবে চেয়ারম্যান ও তার লোকজনের ওপর হামলা চালায় এবং তাকে মারধর করে আহত করে। এ সময় হামলাকারী ইউনিয়ন পরিষদের সরকারি কাগজপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির বাদী হয়ে শুক্রবার (১৩ মার্চ) রাতে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৬। মামলায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহেল সিকদারসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। মামলা আরো অজ্ঞাত ৩৫-৪০ জনকে আসামি করা হয়েছে। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ খন্দকার কে এম সোহেল রানা জানান, নিয়ামতি ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় একটি মামলা এজাহার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
