দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে আনা নিয়ে সংঘর্ষ! দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে আনা নিয়ে সংঘর্ষ! - ajkerparibartan.com
দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে আনা নিয়ে সংঘর্ষ!

5:10 pm , March 13, 2026

রুপা খাতুন, গৌরনদী প্রতিবেদক ॥
গৌরনদীতে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তির দ্বিতীয় স্ত্রীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রথম স্ত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গৌরনদী উপজেলার বোরাদী গরঙ্গগল গ্রামের বাসিন্দা মো: হাফিজুল আকন (৪০) বৃহস্পতিবার গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার প্রথম স্ত্রী ময়না বেগম ও তার সহযোগী জিয়া সরদারসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জন তার দ্বিতীয় স্ত্রীকে মারধর করেছেন।
অভিযোগে বলা হয়, প্রায় ২০ বছর আগে ময়না বেগমের সাথে তার বিয়ে হয়। পরবর্তীতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এদিকে তার দ্বিতীয় স্ত্রীও রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হাফিজুল আকনের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে তিনি তার দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে রেখে গৌরনদী বাজারে যান। এ সময় তার অনুপস্থিতিতে প্রথম স্ত্রী ময়না বেগম ও জিয়া সরদারসহ কয়েকজন মিলে তার দ্বিতীয় স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রতিবাদ করলে বেধড়ক মারধর করে।
পরে তার দ্বিতীয় স্ত্রী মোবাইল ফোনে বিষয়টি জানালে তিনি দ্রুত বাড়িতে ফিরে ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা দেখতে পান। এ সময় তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা একত্রিত হয়ে তাকে ও তার দ্বিতীয় স্ত্রীকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি মেরে আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন। এ সময় অভিযুক্তরা উপস্থিত লোকজনের সামনেই বিষয়টি নিয়ে মামলা করলে তাকে ও তার দ্বিতীয় স্ত্রীকে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে  ময়না বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তার স্বামী হাফিজুল আকন একাধিক বিয়ে করেছেন এবং গত তিন-চার মাস ধরে তার কোনো খোঁজখবর নেন না। এমনকি তিনি আমার ও আমার সন্তানদের ভরণপোষণও দেন না বলে বলে অভিযোগ করেন ময়না বেগম।
তিনি আরও বলেন, তাকে বিভিন্ন সময় মারধর করা হয় এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। হামলার বিষয়ে জানতে চাইলে ময়না বেগম বলেন, প্রথমে তার ওপর হামলা করা হয়েছিল, পরে তিনি আত্মরক্ষার্থে পাল্টা হামলা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT