বরিশালে হামলা ও লুটের মামলায় কনটেন্ট ক্রিয়েটর পাভেল জেলে বরিশালে হামলা ও লুটের মামলায় কনটেন্ট ক্রিয়েটর পাভেল জেলে - ajkerparibartan.com
বরিশালে হামলা ও লুটের মামলায় কনটেন্ট ক্রিয়েটর পাভেল জেলে

4:53 pm , March 12, 2026

মো: জিয়াউদ্দিন বাবু ॥
বরিশালে হামলা, মারধর ও লুটপাটের একটি মামলায় কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সম্ভু দেবনাথ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে,বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক এলাকার মৃত রহম আলী হাওলাদারের ছেলে মো. জাফর হাওলাদার গত বছরের ২ নভেম্বর বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সিসহ ৮ জনকে নামীয় আসামি এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, কোতোয়ালি থানাধীন ৫ নম্বর চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বুখাইনগর বাজারে কবির হাওলাদারের “কবির স্টোর” নামে একটি মুদি দোকান রয়েছে। অভিযুক্তরা বিভিন্ন সময়ে দোকান থেকে বাকিতে পণ্য নিয়ে টাকা পরিশোধ না করে ঘুরাতে থাকে। পরে পাওনা টাকা চাইলে তারা ক্ষিপ্ত হয়ে দোকান মালিককে হুমকি দিতে থাকে।
অভিযোগে বলা হয়, গত ৩১ অক্টোবর শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে আসামিরা রামদা, দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে দলবদ্ধভাবে বুখাইনগর বাজারে কবির স্টোরে হামলা চালায়। এ সময় দোকান মালিক কবির হাওলাদারকে লক্ষ্য করে গালিগালাজ ও মারধর শুরু করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিয়ে তাকে গুরুতর জখম করা হয়। তাকে রক্ষা করতে গেলে তার ভাই তানভীর আলমকেও দাও দিয়ে মাথায় কোপ দিয়ে আহত করা হয়।
এ সময় অন্য আসামিরা লোহার রড, পাইপ ও লাঠি দিয়ে দুইজনকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তাদের চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসা রুবিনা নামের এক নারী স্বজনকেও মারধর করা হয় এবং তার শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে। এছাড়া হামলার সময় দোকানের ক্যাশবাক্সে থাকা প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর আহতদের চিকিৎসা ও আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা শেষে বাদী থানায় মামলা দায়ের করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত বছরের ২ নভেম্বর বরিশাল কোতোয়ালি মডেল থানায় কবির হাওলাদারের পিতা মো. জাফর হাওলাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিচারক নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সিকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT