5:09 pm , March 6, 2026
ভোলা প্রতিবেদক ॥
ভোলায় রাতের আঁধারে পাচারকালে ৪ট্রাক টিএসপি সার আটক করেছে পুলিশ। পরে ট্রাকগুলোকে সদর উপজেলার ইলিশা পুলিশ ফাঁড়ির সামনে রাখা হয়।
মধ্যরাতে সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে এসব সার জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে সার পাচার করা হচ্ছে, এমন সন্দেহে চারটি ট্রাক আটক করে তল্লাশি চালানো হয়। ট্রাকগুলোতে প্রায় ১ হাজার ৩০০ বস্তা টিএসপি সার পাওয়া যায়।
পুলিশ ও কৃষি বিভাগ জানিয়েছে, জব্দ করা সার বৈধ নাকি অবৈধ, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, জব্দ করা এসব সার ভোলার বাফার গুদাম থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে নেওয়া হচ্ছিল। তবে সেগুলো নিয়ম মেনে পরিবহন করা হচ্ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে একটি সুত্র জানায়,সার ছাড়িয়ে নেয়ার জন্য ভুয়া কাগজপত্র তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে একটি চক্র। রাতভর তারা দৌঁড়ঝাপ করে বিভিন্ন স্থানে।
ভোলা সদর থানার ওসি মো: মনিরুল ইসলাম বলেন, কৃষি বিভাগ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
