5:07 pm , March 6, 2026
লালমোহন প্রতিবেদক ॥
স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বামী মহিন। শুক্রবার সকালে ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের পাটোয়ারিরহাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মো. মহিম ধলরগৌরনগর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার কবিরাজ বাড়ির মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক ছিলেন। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মহিম লর্ডহার্ডিঞ্জ মাদরাসা বাজার এলাকায় তার শ্বশুরবাড়িতে স্ত্রীকে পৌঁছে দিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ধলীগৌরনগরের পাটওয়ারির হাটের নিকটবর্তী স্থানে পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং স্থানীয়দের সহযোগিতায় লালমোহন সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহিনের এক পুত্র সন্তান রয়েছে। এ মৃত্যুর ঘটনায় পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসীর মধ্যেও গভীর শোক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, ওই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধে সড়কে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন তারা।
এবিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গলসিকদার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
