চুরির অপবাদ সইতে না পেরে বিষপানে যুবকের আত্মহত্যা চেয়ারম্যান সহ ছয় জনের নামে মামলা চুরির অপবাদ সইতে না পেরে বিষপানে যুবকের আত্মহত্যা চেয়ারম্যান সহ ছয় জনের নামে মামলা - ajkerparibartan.com
চুরির অপবাদ সইতে না পেরে বিষপানে যুবকের আত্মহত্যা চেয়ারম্যান সহ ছয় জনের নামে মামলা

5:16 pm , March 5, 2026

নেছারাবাদ প্রতিবেদক ॥
পিরোজপুরের নেছারাবাদে চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে মারধর ও অপমান করার পর বিষপান করে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে নিহতের স্ত্রী থানায় মামলা দায়ের করেছেন।
মামলার আসামি করা হয়েছে সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাকিবুল হক শানু, মৃনাল ইউনিয়ন সচিব, চৌকিদার মো. হানিফ, মো. রুবেল মাঝি, মো. সবুজ কাজী, আব্দুল হাই সহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে।
মামলার বাদী মোসা. সুমি বেগম জানান, তার স্বামী আব্দুল্লাহ আল মামুন ওরফে সবুজকে গত ১ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয় হানিফ চৌকিদার মোবাইল ফোনে সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদে ডেকে পাঠান। সেখানে প্যানেল চেয়ারম্যান রাকিবুল হক শানুসহ কয়েকজন উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় দুটি দোকানে চুরির অভিযোগ এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
মামুন নিজেকে নির্দোষ দাবি করলেও প্যানেল চেয়ারম্যানের নির্দেশে চৌকিদার সহ কয়েকজন তাকে লাঠি দিয়ে পায়ের নিচে ও শরীরের বিভিন্ন স্থানে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে। পরে দুপুরের দিকে তার স্বজনরা ইউনিয়ন পরিষদে গিয়ে তাকে অসুস্থ অবস্থায় একটি কক্ষের কোণে পড়ে থাকতে দেখেন।
পরবর্তীতে চুরির অভিযোগের ক্ষতিপূরণ হিসেবে ৩০ হাজার টাকা জরিমানা ধার্য করেন চেয়ারম্যান এবং একটি কাগজে লিখিতভাবে স্বাক্ষর করিয়ে মামুনকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
বাড়িতে ফিরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন মামুন। পরিবারের সদস্যদের কাছে তিনি বলেন, “মান-সম্মান সব শেষ হয়ে গেছে, এখন মানুষের সামনে কীভাবে দাঁড়াব।”এরপর বিকেলে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ মার্চ সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
মামুনের স্ত্রী সুমি বেগম অভিযোগে আরো বলেন, মিথ্যা চুরির অপবাদ দিয়ে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে মারধর ও অপমান করার কারণেই তার স্বামী আত্মসম্মানের কথা চিন্তা করে লোকলজ্জার ভয়ে আত্মহত্যার পথ বেছে নেন।
এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান জানান, নিহত আব্দুল্লাহ আল মামুনকে হত্যার অভিযোগ এনে তার স্ত্রী বাদী হয়ে প্যানেল চেয়ারম্যান শানুসহ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এ বিষয়ে ৩০৬/২৪ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT