কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পাওয়ার অভিযোগ কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পাওয়ার অভিযোগ - ajkerparibartan.com
কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পাওয়ার অভিযোগ

4:57 pm , March 3, 2026

কাঠালিয়া প্রতিবেদক ॥
কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, এক চিকিৎসক তাদের সঙ্গে দুর্ব্যবহার করে হাসপাতাল থেকে বের করে দেয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার মহিষকান্দি গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৯-১০ জন আহত হন। এতে শিশু কন্যা জান্নাতির হাত ভেঙে যায় এবং তার স্বজনদের কয়েকজন মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
আহতদের চিকিৎসার জন্য তারা কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুকান্ত তালুকদার তাদের বরিশালে রেফার করার কথা বলেন। এ সময় ভুক্তভোগী পরিবারের অভিযোগ, চিকিৎসক তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং অর্থ লেনদেনের প্রস্তাব দেন। বিষয়টি মোবাইল ফোনে ধারণ করা হলে চিকিৎসক ক্ষিপ্ত হয়ে এক নারী স্বজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।
পরিবারের আরও দাবি, তাদের হাসপাতালের একটি কক্ষে আটকে রাখার চেষ্টা করা হয় এবং পরে মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।
এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT