4:55 pm , March 2, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালে আওয়ামী লীগ নেতাকে জামিন নিয়ে আদালত বর্জন, বিক্ষোভ কর্মসুচী ও এজলাসে হট্টগোলের ঘটনায় দ্রুত বিচার আইনের মামলায় আইনজীবী সমিতির সভাপতিসহ ১১ আইনজীবীর জামিন হয়েছে। সোমবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট দ্রুত বিচার আদালতে ১২ বিএনপিপন্থী আইনজীবী হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মিরাজুল ইসলাম রাসেল ১১ আসামীর জামিন মঞ্জুর করেন। এক আসামীর জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহসিন মন্টু। জামিনপ্রাপ্তরা হলেন-কারান্তরীন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম সাদিকুর রহমান লিংকন, সাধারন সম্পাদক মির্জা রিয়াজুল ইসলাম, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক নাজিম উদ্দিন পান্না, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহসিন মন্টু, আব্দুল মালেক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি সাঈদ চৌধুরী, চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি হাফিজ উদ্দিন আহমেদ বাবলু, মহানগর দায়রা জজ আদালতের এপিপি ও বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তারেক আল ইমরান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব আবুল কালাম আজাদ ইমন ও বশিরউদ্দিন সবুজ। কারাগারে গেছেন এ্যাড. মিজানুর রহমান রাজু।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও মামলার আসামী আবুল কালাম আজাদ বলেন, মামলার আসামী হিসেবে আমরা ১১ জন স্বেচ্ছায় আদালতে হাজির হয়েছি। বারের সভাপতিসহ ১১ জনকে জামিন দিয়েছেন। স্বেচ্ছায় হাজির হওয়া আসামী মিজানুর রহমান রাজুকে কারাগারে পাঠিয়েছেন বিচারক।
একটি মামলার আসামীর জামিনকে কেন্দ্র করে গত ২৪ ফেব্রুয়ারী বরিশালের মুখ্য ও অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত বর্জনের ঘোষনা করে বিচারকদের বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্য দেয় আইনজীবীরা। এছাড়াও তারা বিচারকদের বিরুদ্ধে কুরুচিপূর্ন শ্লোগান দিয়ে আদালতে ভীতিকর পরিবেশ ও জনমনে ত্রাসের সৃষ্টি করে। ওইদিন দুপুর আড়াইটার দিকে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এসএম শরিয়তুল্লাহ’র এজলাসে প্রবেশ করে শুনানীরত আইনজীবীকে শুনানী করতে নিষেধ করে। এ সময় আসামীরা শুনানি করা আইনজীবীকে হুমকি দেয়। এজলাসে থাকা সকল আইনজীবীকে বের হওয়ার নির্দেশ দেয়া হয়। এ সময় এজলাসে ভাংচুর চালানো হয়।
এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারী বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা করেন। দ্রুত বিচার আইনে করা মামলায় নামধারী ১২ ও অজ্ঞাত আরো ৮ জনকে আসামী করা হয়। মামলার পর আইনজীবী সমিতির সভাপতি এসএম সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে পুলিশ।
