4:11 pm , December 31, 2025
লালমোহন প্রতিবেদক ॥
যাত্রী বেশে ভাড়া নিয়ে নির্জনস্থানে গিয়ে চালককে চুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বত্তরা। মঙ্গলবার রাত ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলার চর উমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুখালী থেকে মো. আবু বক্কর (৫৫) নামের ওই চালকের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থল থেকে মো. আবু বক্করের মরদেহ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত আবু বক্কর চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ওসমান গণি বলির ছেলে। তার দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে। লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে অনুসন্ধানের মাধ্যমে তার নাম ও পরিচয় নিশ্চিত করা হয়।
নিহতের বোন জুলেখা বেগম বলেন, “আমার ভাই প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লালমোহনে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারের খবর দেখি। বুধবার সকালে আমরা লালমোহন থানায় এসে নিশ্চিত হই মরদেহটি আমার ভাইয়ের।” স্থানীয়রা জানান, যাত্রীবেশে ছদ্মবেশে ছিনতাইকারী অটোরিকশা ভাড়া নিয়ে কচুয়াখালী নির্জন স্থানে যায়। সেখানে নিয়ে চালক আবু বক্করকে চুরিকাঘাতে হত্যা করে লাশ ফেলে রেখে অটোরিকশা নিয়ে চলে যায়। এই অটোরিকশা ছিনতাইকারী সিন্ডিকেট এর আগেও বিভিন্ন স্থানে এ ধরণের ঘটনা ঘটায়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ছেলে সুলতান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে তাকে হত্যা করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
