3:37 pm , December 30, 2025
লালমোহন প্রতিবেদক ॥
ভোলার লালমোহনে মাটি কাটার ভেকু পুকুরে উল্টে পরে ঘন্টাব্যাপী পানিতে আটকে চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লালমোহন সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকায় এই ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস চেস্টা চালিয়ে মোঃ ইমাম হোসেন নামে আটকে পরা ওই চালককে মৃত উদ্ধার করে। নিহত ইমাম হোসেন উপজেলার নাজিরপুর গ্রামের মো. হারুনের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ করার সময় হঠাৎ করে ভেকুটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে উল্টে যায়। এতে ভেকুর ভেতরেই আটকা পড়েন চালক ইমাম হোসেন।
ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভেকু চালককে উদ্ধার করে। পরে তাকে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোক ও আহাজারি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউল ইসলাম জানান, দুর্ঘটনায় মৃত্যুর কারণে একটি অপমৃত্যু মামলা হবে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
