4:11 pm , December 29, 2025
জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে এবি পার্টি
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ প্রতিবেদক ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন জোটের ইঙ্গিত মিলেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমন্বয়ে গঠিত জোটে যুক্ত হতে যাচ্ছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। এরই মধ্যে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসন থেকে এবি পার্টির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সোমবার বিকেলে তিনি বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জোটে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জোটে যুক্ত হওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। মনোনয়ন দাখিল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে জোটে অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়া হবে।
তিনি আরও জানান, জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে প্রাথমিক পর্যায়ে সমঝোতা হয়েছে। তবে কয়েকটি আসন নিয়ে আলোচনা এখনও চলমান রয়েছে। শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
