4:11 pm , December 28, 2025
নিজস্ব প্রতিবেদক ॥
ঘন কুয়াশার কারনে অভ্যন্তরীন রুটের পর এবার ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষনা করেছে বরিশাল বিআইডব্লিউটিএ। রোববার সন্ধায় বরিশাল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারী করে। এদিকে কুয়াশার কারনে লঞ্চ চলাচল বন্ধ হওয়ার ঘটনাকে নজিরবিহীন বলছেন সংশ্লিষ্টরা। কারন ঢাকা-বরিশাল রুটে এর আগে ঘন কুয়াশার কারনে লঞ্চ চলাচল বন্ধ ঘোষনা করা হয়নি।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন অন্য কোন কারন নেই শুধু মাত্র ঘন কুয়াশার কারনেই ঢাকা-বরিশাল রুটের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। তিনি বলেন বিআইডব্লিউটিএ এর পর্যবেক্ষন অনুযায়ী বর্তমানে অতিরিক্ত কুয়াশা পড়ছে। একই কারনে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দূর্ঘটনার ঘটনা ঘটেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে লঞ্চ চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। তিনি বলেন শুধু ঢাকা-বরিশাল নয় অভ্যন্তরীন রুটেরও সকল সকল লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে দিনের বেলায় যে সব লঞ্চ চলাচল করে সেগুলো চলবে।
এদিকে হঠাৎ লঞ্চ বন্ধের কারনে চরম বিপাকে পড়েন ঢাকামুখী যাত্রীরা। তাদেরকে দুরদূরান্ত থেকে এসে ফিরে যেতে হয়েছে। অনেকে বিকল্প পথ হিসাবে বাসে করে গমন করতে হয়েছে। অনেকে যাত্রা বাতিল করেছেন।
ঢাকা-বরিশাল রুটের লঞ্চ সংশিষ্ট কয়েকজন বলেন বিগত কোন সময়ে কুয়াশার কারনে লঞ্চ বন্ধ হওয়ার ঘটনা ঘটেনি। এটা বন্দর কর্তৃপক্ষের অতি উৎসাহী সিদ্ধান্ত। কারন ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী সকল লঞ্চে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। কুয়াশা তেমন কোন সমস্যা সৃষ্টি করতে পারে না।
