3:24 pm , December 26, 2025
লঞ্চ দুর্ঘটনায় নিহতদের বাড়ীতে চলছে শোকের মাতম
মো. জসিম জনি, লালমোহন ॥
ঘনকুয়াশায় মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ভোলার লালমোহন উপজেলার ৩জনের বাড়িতে শোকের মাতম চলছে। বৃহস্পতিবার রাতে ভোলার চরফ্যাশন উপজেলার ঘোষেরহাট এলাকা থেকে ছেড়ে আসা এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের সঙ্গে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ভয়াবহ সংঘর্ষে ৪ যাত্রী নিহত হয়। আহত হয় আরো অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে লালমোহন বদরপুর ইউনিয়নের কাজিরাবাদ গ্রামের রাজমিস্ত্রি গণি ও কৃষক সাজু এবং পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী গ্রামের লাল মিয়া গাজি বাড়ির গার্মেন্ট কর্মী রিনা বেগমের বাড়িতে আহাজারি চলছে। স্বামী হোসেন ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতো। ৭-৮ বছর আগে নিজেদের স্বাচ্ছন্দ জীবন যাপনের জন্য স্বামীর সাথে ঢাকায় চলে যায় রিনা বেগম। তাদের একমাত্র কন্যা সাথী বাড়িতে দাদা-দাদির কাছে থাকতো। স্থানীয় কচুয়াখালী মহিলা মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সাথী মায়ের করুন মৃত্যুর খবর শুনে বার বার মূর্ছা যাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে বাবা ও মা একসাথে মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে লঞ্চে উঠে কচুয়াখালী ঘাট থেকে। যাবার বেলায় বলে যান ‘রোজার ঈদে আবার ফিরে আসবেন’। কিন্তু সেই রাতেই শুনতে পান মায়ের মৃত্যুর সংবাদ। বাবাও গুরুতর আহত অবস্থায় রয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে ঘোষেরহাট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের সঙ্গে ঢাকা-বরিশাল রুটের এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনসহ মোট চারজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ জন যাত্রী। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান।
কাজিরাবাদ গ্রামের বেপারী বাড়ির নিহত রাজমিস্ত্রি আব্দুল গণির বাড়িতে স্ত্রী লাইজু বেগম ৩টি শিশু সন্তান নিয়ে আহাজারি করছেন। ওই গ্রামের সেরাজল ব্যাপারীর ছেলে গণি দীর্ঘদিন ঢাকাতে রাজ মিস্ত্রির কাজ করতো। ১০দিন আগে বাড়িতে আসে। বৃহস্পতিবার বাড়ি থেকে বিদায় নিয়ে একই এলাকার ৫জন দেউলা ঘাট দিয়ে লঞ্চে উঠেন। তারা লঞ্চে একইসাথে রাতে ঘুমান। দুর্ঘটনায় গণি ও সাজু নামে দুইজনের মৃত্যু হয়। এছাড়া মিলন ও শাহাদাৎ নামে তাদের সাথে থাকা দুইজনের অবস্থাও আশংকাজনক। নিহত সাজুর একই এলাকার খাঁ বাড়ির কালু খাঁর ছেলে। তিনি ঢাকায় একজনের কাছ থেকে পাওনা টাকা আদায় করার জন্য যাচ্ছিলেন।
