বিসিসির ৬১ কর্মচারীর চাকুরি স্থায়ী হতে পারে যেকোন সময় বিসিসির ৬১ কর্মচারীর চাকুরি স্থায়ী হতে পারে যেকোন সময় - ajkerparibartan.com
বিসিসির ৬১ কর্মচারীর চাকুরি স্থায়ী হতে পারে যেকোন সময়

3:52 pm , December 23, 2025

হেলাল উদ্দিন ॥ চাকরি স্থায়ীকরণের দাবীতে বরিশাল সিটি করপোরেশনে চলমান আন্দোলন আলোর পথে আসতে শুরু করেছে। সব কিছুৃ ঠিকঠাক থাকলে সংসদ নির্বাচনের আগেই  ৬১ জন কর্মচারীর চাকরি স্থায়ী হতে পারে।  প্রধান ধাপ হিসাবে নতুন প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান আন্দোলনরতদের দাবির বিষয়টি বিবেচনা করার জন্য একটি কমিটি করে দিয়েছেন। ৭ সদস্যের ওই কমিটিকে সব কিছু পর্যবেক্ষন করে প্রতিবেদন প্রদান করতে নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে ৮ ডিসেম্বর  কমিটি গঠনের পরপরই আন্দোলন অনেকটা শিথিল করেন কর্মচারীরা। তারা কাজেও যোগ দিয়েছেন। এখন তাদের অপেক্ষা কবে নাগাদ ওই কমিটি প্রতিবেদন প্রদান করবে। এ বিষয়ে সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক আনিছুর রহমান বলেন-আমরা গত একমাসেরও বেশী সময় ধরে আন্দোলন করেছি। পরে যখন আমাদের দাবী বিবেচনার জন্য কমিটি গঠন করে দেওয়া হলো তখন থেকে আমরা আন্দোলন বন্ধ রেখেছি। তবে আমরা বেশীদিন অপেক্ষা করব না। সন্তোষজনক সময়ের মধ্যে প্রতিবেদন প্রদান করে চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণ না করা হলে আবার আন্দোলন শুরু হবে। তিনি আরো বলেন- আমরা বঞ্চিত কর্মচারী ছিলাম ১৬১ জন। তা থেকে এখন দাঁড়িয়েছে মাত্র ৬১ জনে। বাকিরা অনেকে মারা গেছেন,অবসরে গেছেন,অন্যত্র চলে গেছেন। এমনকি গত সপ্তাহেও ২ জন মারা গেছেন।
বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন-তাদের চাকরি স্থায়ীকরণের দাবীর প্রেক্ষিতে প্রশাসক স্যার একটি কমিটি করে দিয়েছেন। আমরা সব কিছু পর্যবেক্ষন করে প্রতিবেদন দেব। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আন্দোলনকারীদের পক্ষে উচ্চাদালতের একটি রিট প্রতিবেদন রয়েছে। সে প্রতিবেদন অনুযায়ী তাদেরকে সকল প্রাপ্ত সুযোগ সুবিধা দিতে আদালতের নির্দেশনা রয়েছে। এছাড়া প্রতিবেদনের আগে ব্যক্তিগতভাবে আমি বলতে পারি তাদের দাবী বহুলাংশে যৌক্তিক। তাই তাদের আশাহত হওয়ার কিছু নেই।
বিসিসির প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন-আমি এসেই দেখেছি তাদের আন্দোলন চলমান রয়েছে। প্রশাসক হিসাবে আমার দায়িত্ব রয়েছে তাদের দাবী যৌক্তিক না অযৌক্তিক সেটা দেখা। আর সেটি দেখা বা বোঝার জন্যই আমি একটি কমিটি করে দিয়েছি। প্রতিবেদন এলেই এ বিষয়ে আমি মন্তব্য করতে পারবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT