3:43 pm , December 22, 2025
বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও জুলাই ছাত্র-জনতার আন্দোলন নস্যাৎ করার জন্য ফ্যাসিস্টদের অর্থ জোগানদাতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল গোলন্দাজকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল গোলন্দাজ শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও তথাকথিত বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি। তিনি ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দুটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন বাবুলের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনকে নস্যাত করার জন্য ফ্যাসিস্টদেরকে মোটা অংকের অর্থ যোগান দেয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া সম্পত্তির লোভে ভূমিদস্যু খ্যাত বাবুল গোলন্দাজ তার আপন ছোট ভাই সালাম গোলন্দাজের মৃত্যুর প্রায় চারবছর পর তার এক বোনকে দিয়ে হয়রানীর উদ্দ্যেশে ছোট ভাইয়ের স্ত্রী সাবিনা ইয়াসমিন সহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দিয়ে দীর্ঘদিন হয়রানি ও উৎখাত চেষ্টা চালায়। পরে আদালতে দায়েরকৃত সেই হত্যা মামলা মিথ্যা প্রমানিত হলেও থেমে থাকেনি তার হঠকারিতা। ভাইয়ের স্ত্রী সাবিনা ইয়াসমিন সহ ভাইয়ের ছেলে-মেয়েদের উৎখাতের চেষ্টা ও ক্যাডার বাহিনী দিয়ে ইটভাটা দখল চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ কারনে সালাম গোলন্দাজের ইটভাটা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে পথে বসার অবস্থা সাবিনা ইয়াসমিনের পরিবারের। এছাড়া আজ পর্যন্ত একের পর এক মিথ্যা মামলা দিয়ে অব্যাহত হয়রানী ও জেলখাটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
