সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে প্রশাসন -আবু সাঈদ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে প্রশাসন -আবু সাঈদ - ajkerparibartan.com
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে প্রশাসন -আবু সাঈদ

3:42 pm , December 22, 2025

নেছারাবাদ প্রতিবেদক ॥ পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সরকারের পক্ষ থেকে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তিনি জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সরকার প্রশাসনে ব্যাপক রদবদল এনে একটি শক্ত ও কার্যকর কাঠামো গড়ে তুলেছে।
সোমবার দুপুরে নেছারাবাদ  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে জাতীয় সংসদ নির্বাচন, অন্যদিকে গণভোট—দুইটি বিষয়ই জনগণের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গণভোট সম্পর্কে জনগণকে সচেতন করতে প্রশাসন নানা উদ্যোগ নিচ্ছে। পিরোজপুর জেলার সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত, সেনাক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল আরাফ, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলার সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ মো. মাসুম কামাল হাওলাদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম লিটু প্রমুখ।
এদিন জেলা প্রশাসক আবু সাঈদ স্বরূপকাঠি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র, ভূমি অফিস, বিসিক শিল্পনগরী ও ফজিলা রহমান মহিলা কলেজ পরিদর্শনসহ নানা কর্মসূচিতে অংশ নেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT