4:20 pm , December 21, 2025
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বরিশাল বিমানবন্দরের নাম জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
রোববার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
এ কর্মসূচিতে শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি কার্যকর করার দাবী জানানো হয়।
বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সবুজ আকনের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির রহমান, যুবদল নেতা মো. জাকারিয়া সেতুসহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীরা।
