4:17 pm , December 20, 2025
নলছিটি প্রতিবেদক ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে সরকার শনিবার সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।
পাশাপাশি ওসমান হাদির জন্মস্থান নলছিটি পৌরশহরে স্থানীয় ব্যবসায়ীরা দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক পালন করেছেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে এ শোক পালন সম্পর্কে ব্যবসায়ী ও জনসাধারণকে অবহিত করে ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী দুপুর ২টা থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এ মাটির সন্তান। ইনসাফ প্রতিষ্ঠার পথে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন। তিনি আমাদের গর্ব । তার মৃত্যুতে গভীর শোক প্রকাশের অংশ হিসেবে আমরা ব্যবসা প্রতিষ্ঠান ৪ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
এবিষয়ে শহরের ব্যবসায়ী মো. শহাদাত আলম ফকির বলেন, ওসমান হাদি নলছিটির ছেলে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এজন্য শহরের ব্যবসায়ীদের সিদ্ধান্তে শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত ওষুধের দোকান ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
