নগরীর খালেদাবাদ রিফিউজী কলোনীতে ফাঁকা গুলিবর্ষণ নগরীর খালেদাবাদ রিফিউজী কলোনীতে ফাঁকা গুলিবর্ষণ - ajkerparibartan.com
নগরীর খালেদাবাদ রিফিউজী কলোনীতে ফাঁকা গুলিবর্ষণ

3:50 pm , December 18, 2025

যৌথ বাহিনীর অভিযান ॥ কেউ গ্রেপ্তার হয়নি

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে এক পক্ষ হামলা করেছে অপর পক্ষের উপর। এ সময় ফাঁকা গুলি বর্ষনও করা হয়। বুধবার দিনগত গভীর রাতে নগরীর খালেদাবাদ রিফুজি কলোনীতে এ ঘটনা ঘটে। এ সময় সাধারন মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া ও ফাঁকা গুলিবর্ষনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে যৌথ বাহিনী কলোনীতে অভিযান করেছে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
নাম প্রকাশ না করার শর্তে খালেদাবাদ কলোনী এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জানান, মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রুবেল ও রকির সাথে বিরোধ রয়েছে। রাতে রুবেল বাসার সামনে দাড়িয়ে ছিলো। এ সময় রকি দা নিয়ে রুবেলকে ধাওয়া দেয়। রুবেল পালিয়ে যায়। কিছুক্ষন পর রকি, তার ভাই বায়জিদ ও সুজন দুইটি মোটর সাইকেলসহ ১৫/২০ জন প্রকাশ্যে তিনটি পিস্তল উচিয়ে রুবেলের বাসার সামনে আসে। এ সময় রকি ও সুজনের হাতে থাকা পিস্তল দিয়ে উপরে ফাঁকা গুলি করে রুবেলকে গালি দিতে দিতে চলে যায়। এসময় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। ঘটনার ১৫/১৬ ঘন্টা পর মহানগর পুলিশ, সেনা বাহিনী ও র‌্যাব সদস্যরা যৌথভাবে অভিযান করেছে। তবে কাউকে পায়নি।
এ বিষয়ে বরিশাল মহানগরের উপ- পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, বরিশালকে শান্তিপূর্ণ রাখতে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ বাহিনীর মিলিয়ে দুইশত জনের অধিক সদস্যদের নিয়ে যৌথ বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করেছে। বুধবার রাতে খালেদাবাদ (রিফিউজি) কলোনীতে যে ঘটনা ঘটেছে, সেটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। এ ধরনের ঘটনা পরবর্তীতে যাতে আর না ঘটে সে লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, আগামীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যারা চিন্তা ভাবনা করছে তাদের সাবধান করে দিচ্ছি। এ ধরনের সুযোগ আমরা দিব না। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা প্রতিটি বাহিনী মিলে ইউনিটি বেইজ কাজ করছি। গুলি বর্ষণের সাথে যারা জড়িত তাদের শনাক্ত করা হয়েছে। তবে তদন্তে স্বার্থে তাদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। খুব দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT