নগরীতে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন নগরীতে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন - ajkerparibartan.com
নগরীতে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

3:24 pm , December 17, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে নগরীর বেলসপার্কে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। জেলা প্রশাসন বরিশাল আয়োজিত এই অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো: মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, আমাদের বিজয় শুধু একটি ভূখ- লাভ নয়; এটি ছিল গণতন্ত্র, সাম্য, মানবাধিকার এবং সামাজিক ন্যায়বিচারের প্রতিষ্ঠার অঙ্গীকার। সেই দিন কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা সকলে এক কাতারে দাঁড়িয়ে পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে একটি স্বাধীন জাতিসত্তার জন্ম দিয়েছিল। তাঁদের সেই অপূরণীয় আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনার মূল ভিত্তি।
তিনি বলেন, সময় ও ইতিহাস থেমে থাকে না। স্বাধীনতা অর্জনের দীর্ঘ ৫৩ বছর পর, আমরা সম্প্রতি আরও একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছি ২০২৪ সালের গণঅভ্যুত্থান। একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাঙালির জাগরণ, তবে ২০২৪’র অভ্যুত্থান ছিল ন্যায়বিচার ও সুশাসনের দাবিতে আমাদের বর্তমান প্রজন্মের এক স্বতঃস্ফূর্ত বিদ্রোহ।
জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT