বানারীপাড়ার বিএনপি নেতা সবুর মেম্বারের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই বানারীপাড়ার বিএনপি নেতা সবুর মেম্বারের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই - ajkerparibartan.com
বানারীপাড়ার বিএনপি নেতা সবুর মেম্বারের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই

4:05 pm , December 14, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সবুর মেম্বার ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, হামলা এবং ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বলা হয়, তারা দীর্ঘদিন ধরে বিএনপির সমর্থক এবং গণতন্ত্র ও ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছেন। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের পাঁচ ইউনিয়নের মানুষ, বিশেষ করে তাঁদের পরিবার, নিরাপত্তাহীনতায় ভুগছে।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ৫ আগস্টের পর থেকে সবুর মেম্বারের নেতৃত্বে একটি সন্ত্রাসী গোষ্ঠী এলাকায় চাঁদাবাজি, নারী নির্যাতন, দুই শত বছরের পুরোনো হিন্দু বাড়ি দখল, সরকারি নয় একর জমির গাছ বিক্রির টাকা আত্মসাৎ, খেয়াঘাট দখল, ট্রলার লুট, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, থানায় ঢুকে পুলিশের সামনে ছাত্রপ্রতিনিধিদের ওপর হামলা, গরিবদের সরকারি সহায়তা আত্মসাৎ, স্কুল কমিটি দখল, প্রবাসীদের টাকা আত্মসাৎ ও অটোরিকশার মাধ্যমে চাঁদা আদায়সহ নানা অপরাধ করে আসছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সবুর মেম্বারের অনুসারীরা ভুক্তভোগী পরিবারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরিবারের এক সদস্যকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে তাঁর মালিকানাধীন দুটি ট্রলার ছিনিয়ে নিয়ে বিক্রি করে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মো. মামুন ফরাজি বাদী হয়ে আদালতে সিআর কেস নং-৩০৬/২৫ (বানারীপাড়া) দায়ের করেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে সবুর মেম্বার ভুয়া ডিগ্রি সনদ ব্যবহার করে বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির পদ দখল করেন। এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডে অভিযোগের পর তদন্তে সনদের ভুয়া প্রমাণিত হলে তাঁকে ওই পদ থেকে অপসারণ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সবুর মেম্বার ও তাঁর সহযোগীরা ভুক্তভোগী পরিবারকে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্রে লিপ্ত হন।
এর অংশ হিসেবে ভুক্তভোগীর ছেলে মামুন ফরাজির বিরুদ্ধে একজন নারীকে ব্যবহার করে মিথ্যা ধর্ষণের অভিযোগ এনে গত ২৭ অক্টোবর ২০২৫ আদালতে নালিশি মামলা দায়ের করা হয় বলে দাবি করা হয়। পরে আদালতের নির্দেশে ১ নভেম্বর ২০২৫ তারিখে বানারীপাড়া থানায় মামলাটি এজাহার হিসেবে রেকর্ড হয় (মামলা নং–০২, জিআর–১৫৯/২০২৫)।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এ মামলাকে মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অব্যাহতি চান। একই সঙ্গে সবুর মেম্বারসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের জানমাল ও সম্মান রক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT