4:05 pm , December 14, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ বরেণ্য শিক্ষাবিদ, ভাষা সংগ্রামী, সরকারি বিএম কলেজ’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং পরবর্তীতে বরিশাল ইসলামিয়া কলেজ’র প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এস. এম. ফজলুল হক’র ৩০ তম মৃত্যু বার্ষিকী আজ ১৫ ডিসেম্বর ২০২৫, সোমবার। এই শিক্ষাবিদ ব্রজমোহন কলেজ’এ শিক্ষক হিসেবে যোগ দেন পঞ্চাশের দশকের দ্বিতীয়ার্ধে। তাঁর স্কুল জীবন কেটেছে গোপালগঞ্জে। সেখান থেকে ম্যাট্রিক পাশ করে বিএম কলেজে উচ্চমাধ্যমিকে ভর্তি হন। এখান থেকে ইন্টার সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ১৯৫১ সনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বাহান্নোর ভাষা আন্দোলনে সক্রিয় অংশ নেন। তিনি বাহান্নোর ২১ শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গের সাহসী সংগ্রামে অংশ নেন। লোভনীয় চাকরির সুযোগ থাকা সত্বেও ভাষা আন্দোলনের প্রভাবে তিনি পেশাগত জীবনে অধ্যাপনার চাকরি বেছে নেন। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপটে একজন সচেতন বাঙালি হিসেবে, একজন শিক্ষক হিসেবে তিনি ছাত্রদের মধ্যে দেশপ্রেমের আদর্শ, স্বাধীকার সংগ্রামের বীজমন্ত্র ছড়িয়ে দেন। তাঁর ছাত্রদের অনেকেই মহান মুক্তিযুদ্ধে অংশ নেন এবং রণাঙ্গনে অসীম সাহসের পরিচয় দেন।
আজীবন অসাম্প্রদায়িক, মানবিক গুণাবলি সম্পন্ন একজন আদর্শবান শিক্ষক হিসেবে দক্ষিণ জনপদে শিক্ষা বিস্তারে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। ছাত্র নিবেদিত প্রাণ এই শিক্ষকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারবর্গ এদিন কোরআন খানি ও কলেজ রো শওকত ওসমান জামে মসজিদে বাদ আসর দোয়া মোনাজাতের আয়োজন করেছে।
