শহীদ বেদীতে ফুল দিতে যাওয়া বিএনপি নেত্রীর উপর হামলার অভিযোগ শহীদ বেদীতে ফুল দিতে যাওয়া বিএনপি নেত্রীর উপর হামলার অভিযোগ - ajkerparibartan.com
শহীদ বেদীতে ফুল দিতে যাওয়া বিএনপি নেত্রীর উপর হামলার অভিযোগ

4:01 pm , December 14, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বরিশাল নগরীর মুক্তিযুদ্ধে শহীদদের নামফলক খচিত শহীদ বেদীতে পুস্পস্তবক অপন করতে যাওয়া মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন ও তার অনুসারীদের উপর হামলা করা হয়েছে। রোববার বেলা ১২টার দিকে নগরীর জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীতে শহীদ বেদীতে এ ঘটনা ঘটে। বিএনপি নেত্রী নাসরিন অভিযোগ করেন, বরিশাল-৫ আসনের দলীয় প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ারের উপস্থিতিতে তার উপর হামলা করা হয়েছে। এতে তিনিসহ (নাসরিন) তিনজন আহত হয়েছেন।
বরিশাল মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে র‌্যালি করে শহীদবেদীতে ফুল দিতে এসেছি। এ সময় কিছু লোক তাদের উপর হামলা করেছে। ধানের শীষের প্রার্থীর সাথে যারা আসছিলো। নাসরিন অভিযোগ করেন, বেদীতে যখন ঢুকতে ছিলাম। তখন আমার গায়ে হাত দিয়েছে। আমার ব্যানার ছিড়ে টুকরো টুকরো করেছে। ফুলের তোড়া ভেঙ্গে ফেলেছে। আমাদের অনেক নেতাকর্মীর গায়ে হাত দিয়েছে। ছাত্রদলের তরিক, মহানগর বিএনপির রতন ও বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারের বডিগার্ড আবু আমার গায়ে হাত দিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এসেছিলাম।
নাসরিন বলেন, গত ৩৭ বছর ধরে বিএনপির রাজনীতি করছি। গত ১৭ বছর ধরে নির্যাতনের শিকার হয়েছি। মামলা হামলা করে মাঠ থেকে সরাতে পারেনি। এখন দলীয় নেতাকর্মীরা কুচক্রি মহলের সাথে এক হয়ে আমাদের উপর হামলা করছে। তারা বরিশালে বিশৃংখলা করছে। তারা ধানের শীষকে ডুবানোর জন্য এ কাজ করতেছে। বিচারের জন্য তারেক রহমানের কাছে অভিযোগ দেয়ার কথা জানিয়েছেন আফরোজা খানম নাসরিন।
এ বিষয়ে বরিশাল-৫ আসনের বিএনপির প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারের মোবাইল বন্ধ থাকায় কথা বলা যায়নি।
তবে ঘনিষ্ট অনুসারী ও বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ সাধারন সম্পাদক আনোয়ারুল হক তারিন বলেন, প্রার্থী সরোয়ারসহ তারা আগে বের হয়ে গিয়েছেন। হাজার হাজার লোকের মধ্যে ক্রসিংয়ের সময় হয়তো ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
অভিযুক্ত বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুল হাসান রতন বলেন, বেদীতে ফুল দিয়ে যখন আমরা বের হচ্ছিলাম। তখন ধাক্কাধাক্কি হুড়োহুড়ির সময় সামনে যারা ছিলো, তাদের গায়ে হয়তো হাত পড়ে গেছে। ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলিতে আমিও একজনের উপর পড়ে গেছি। এখানে হামলার কোন ঘটনা ঘটেনি। এটা মিথ্যা ষড়যন্ত্র।
রতন বলেন, মহানগর বিএনপির কর্মসুচি ছিলো। সেখানে সবাই ঐক্যবদ্ধভাবে ছিলাম। সেখানে মহানগর বিএনপির নেত্রী হয়ে কেন একা ফুল দিতে আসবে। সে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। এটা ঠিক না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT