3:58 pm , December 14, 2025
নির্বাচন কমিশনের জরুরী চিঠি
হেলাল উদ্দিন ॥ দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে বরিশাল আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এজন্য গতকাল থেকেই ৫ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবেন। এর বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম পেট্রোল ডিউটি অব্যাহত রেখেছে। এমনকি বরিশাল আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তরা নির্বাচন কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।
জেলার সিনিয়র নির্বাচন অফিসার মো: রোকনুজ্জামান বলেন-শনিবার প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে নির্বাচন অফিসে নিরাপত্তা প্রদানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে চিঠি প্রদান করা হয়। এর প্রেক্ষিতে রোববার সকাল থেকেই অস্ত্রসহ ৫ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবেন। এর বাইরে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করছেন। তিনি বলেন-নিরাপত্তা ব্যবস্থার এ উদ্যোগে আমরা আপাতত সন্তুষ্ট। তবে আরো নিরাপত্তার জন্য আমরা কমিশনে আনসার সদস্য চেয়ে চিঠি দিয়েছি। আশা করছি কমিশন আনসার সদস্যেরও ব্যবস্থা করবেন। নির্বাচন কে সামনে রেখে নির্বাচন অফিসগুলোতে যে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটে যেতে পারে এজন্য নিরাপত্তার দিক থেকে আমাদের সর্বোচ্চ সর্তক থাকাটা শ্রেয়। আপাতত অফিসগুলোতে নিরাপত্তার তেমন হুমকি নেই বলেও জানান তিনি।
এ বিষয়ে বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম বলেন-নির্বাচন কমিশন থেকে চিঠি পাওয়ার পর শনিবার রাত থেকে বরিশাল জেলা নির্বাচন অফিসে ৫ জন পুলিশ সদস্য অস্ত্রসহ মোতায়েন করা হয়েছে। আপাতত এই ফোর্সই যথেষ্ট। পরবর্তীতে প্রয়োজন হলে সদস্য আরো বৃদ্ধি করা হবে। আমরা সার্বক্ষনিক নিরাপত্তার বিষয়টি তদারকি করছি।
